'চেনা অচেনা': মিথ্যা সম্পর্ক থেকে প্রেম
সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে।
সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘দেনা পাওনা’ নাটকের আলোচিত জুটি এ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া নতুন একটি কাজ শুরু করেছেন।
এই জুটিকে এবার পাওয়া যাচ্ছে ‘চেনা অচেনা’ শিরোনামের নতুন ধারাবাহিকে।
প্রতি মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘দেনা পাওনা’ প্রচার হচ্ছে।
বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘চেনা অচেনা’ নাটকে রাতুল চরিত্রে এ্যালেন শুভ্র ও আয়রা চরিত্রে পর্দায় আসছেন তাবাসসুম ছোঁয়া।
নাটকের চিত্রনাট্যে দেখাবে, আয়রার প্রেমিক থাকে আমেরিকায়, কিন্তু তার দাদি মাত্র সাতদিনের মধ্যে তাকে বিয়ে করতে বলেন।
এমন পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে আয়রা এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। সে রাস্তার ভিখারি রাতুলকে টাকা দিয়ে নিজের স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে এবং দাদির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরলসোজা স্বভাবের রাতুলকে দাদির ভালো লেগে যায়। ধীরে ধীরে সে পরিবারের একজন হয়ে উঠতে থাকে।
কিন্তু সমস্যা দেখা দেয় আয়রার চাচাকে ঘিরে। তিনি চান, আয়রার বিয়ে হোক তার ব্যবসায়িক অংশীদারের ছেলের সঙ্গে, যাতে তার ব্যবসার পরিধি আরও বড় হয়। তিনি বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে আয়রা-রাতুলের ‘নকল’ সম্পর্ককে ভেঙে দিতে চান। রাতুল একের পর এক বিপদে পড়েও রেহাই পেয়ে যায়।
নাটকটি পরিচালনা করেছেন ওমর ফারুক। নাটকটি নিয়ে তিনি বলেন, "জীবনে অনেক সময় পরিস্থিতি মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা সে আগে কখনও ভাবেনি। এই ধারবাহিকে আমরা সেটাই দেখাতে চেয়েছি। একইসঙ্গে পরিবার ও ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব তুলে ধরার চেষ্টা করেছি।
"চেনা অচেনার মাঝখানে দাঁড়িয়ে সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়ার যাত্রা এটি। গল্পে একটি মিথ্যার মধ্য দিয়ে আয়রা ও রাতুলের সম্পর্ক শুরু হয়, কিন্তু সেই মিথ্যার ভেতর দিয়েই ধীরে ধীরে জন্ম নেয় সত্যিকারের আবেগ।"
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, এবি রোকন, তানজিম হাসান অনিক।
