চলে গেলেন ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজা সেনের ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয় এবং একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন।
বাড়িতে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর একে একে নানা অসুখ বাসা বাঁধে শরীরে। রোগেভুগে শেষ পর্যন্ত চলেই গেলেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা রাজা সেন।
আনন্দবাজার জানিয়েছে, কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি। রাজা সেনের বয়স হয়েছিল ৭১ বছর।
বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পাওয়ার পর প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার ক্রমশ অবনতি হলে গত সোমবার তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজা সেনের ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয় এবং তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বলেন, “রাজা সেন বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। ধীরে ধীরে তার একাধিক অঙ্গ বিকল হতে থাকে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না।”
এর আগেও কোমরের চোটে ভুগেছেন এই নির্মাতা। ২০১৬ সালে ‘মায়ামৃদঙ্গ’ সিনেমার শুটিংয়ের সময় পড়ে গিয়ে কোমরে আঘাত পেলেও তখন বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি।
স্নায়ু জটিলতার কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার একটি অস্ত্রোপচারও হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সম্প্রতি আবারও পড়ে গিয়ে আঘাত পান তিনি।
রাজা সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, ইন্দ্রাণী হালদার, পাওলি দামসহ কলকাতা চলচ্চিত্রের একাধিক শিল্পী।
পরিচালকের শেষকৃত্য নিয়ে পরিচালকের স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেন জানিয়েছেন, মুম্বাই থেকে তার ভাসুর এসেছেন। এছাড়াও ভাই অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং ছোট মেয়ে পাশে আছেন।
তিনি বলেন, “বড় মেয়ে জার্মানিতে থাকে, সে সদ্যই বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেছে। এখনই তার পক্ষে আসা সম্ভব নয়। পরিবারের সবাই মিলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”
দীর্ঘ ক্যারিয়ারে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন রাজা সেন। ১৯৮৭ সালে তার নির্মিত ‘সুবর্ণলতা’ ধারাবাহিকটি কলকাতা-ঢাকা দুই জায়গাতেই ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’ এর মত ধারাবাহিকও তিনি পরিচালনা করেছেন।
১৯৯৬ সালে তার পরিচালিত ‘দামু’ সেরা শিশু চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতে নেয়। তার অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘আত্মীয় স্বজন’, ‘চক্রব্যূহ’, ‘দেবীপক্ষ’ ও ‘তিনমূর্তি’। জয়া বচ্চন ও অভিষেক বচ্চন অভিনীত ‘দেশ’ সিনেমাটিও তার ক্যারিয়ারের আলোচিত একটি কাজ।
বাণিজ্যিক ধারার বাইরে অভিনেতা জিতের প্রথম ভিন্ন ধারার সিনেমা ‘কৃষ্ণকান্তের উইল’-এর পরিচালকও ছিলেন রাজা সেন। ২০১৯ সালে মুক্তি পায় রাজা সেন পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ভালবাসার গল্প’। এছাড়া বেশ কিছু তথ্যচিত্রও নির্মাণ করেছেন তিনি।
