১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উইল স্মিথ বলিউডমুখী হচ্ছেন?

“আমি চাইছি, এবার শাহরুখ আমাকে কোনো একটা কাজে সুযোগ করে দিন।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 10:55 AM

Updated : 26 Aug 2026, 05:33 PM

হলিউডে কাজ থেমে নেই অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথের। তবুও কাজের পরিসর বাড়াতে চাইছেন তিনি।

সেজন্য হিন্দি সিনেমায় কাজের সুযোগ খুঁজছেন স্মিথ। 

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে চড়কাণ্ডে বিতর্কিত এই অভিনেতার সময় ভালো যাচ্ছে না। বছরের শুরুতে এক পুরুষ সহশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে স্মিথের বিরুদ্ধে। শুরু হয় অভিনেতাকে ঘিরে সমালোচনা। এর মধ্যে খবর এসেছে স্মিথ বলিউডি দুনিয়ায় জায়গা তৈরি করতে চাইছেন।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, শাহরুখ খান ও সালমান খানের মধ্যে এরিমধ্যে যোগাযোগ সেরে নিয়েছেন স্মিথ। আর সে খবর তিনি নিজেই দিয়েছেন দুবাইয়ে এএক অনুষ্ঠানে যোগ দিয়ে।

স্মিথ বলেন, “আমি সালমানের সঙ্গে কথা বলেছি। কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনাও হয়েছে। জানেন, আমি অমিতাভ বচ্চনের সঙ্গে একটা কাজে যুক্ত হওয়ার চেষ্টাও করেছিলাম। অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন, আমি ‘বিগ ডব্লিউ’ হতে পারি। সেই আলোচনার পর আমরা ঠিক করলাম, এই উপাধিটা আমরা একসঙ্গে ভাগ করে নেব। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হলেও কোনোটাই সফল হয়নি।” 

শাহরুখ খানের সঙ্গে যোগাযোগের কথাও বলেছেন স্মিথ।

স্মিথ জানান, “আমি চাইছি, এবার শাহরুখ আমাকে কোনো একটা কাজে সুযোগ করে দিন।”

স্মিথকে শেষবার দেখা গেছে ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ সিনেমায়। যা মুক্তি পায় গেল বছরের জুন মাসে। এই সিনেমাটি ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। 

তাকে আগামী তে ‘সুগার ব্যান্ডিটস’, ‘আই অ্যাম লেজেন্ড টু’ এবং ‘ফাস্ট অ্যান্ড লুজ’ সিনেমায় দেখা যাবে। এছাড়া স্মিথ অভিনীত ‘পোল টু পোল’ সিরিজ আসছে শিগগিরই। 

গত কয়েকবছরের মধ্যে স্মিথ আলোচিত হয়েছেন অস্কার মঞ্চে তার চড়কাণ্ডের জন্য। ২০২২ সালে এই হলিউড তারকাকে অস্কারের আয়োজনে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

সেবারে অস্কারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস রক রসিকতা করেছিলেন উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথের মুণ্ডিত মস্তক নিয়ে। উইল স্মিথ এর জবাব দেন মঞ্চে উঠে ক্রিস রককে চড় কষিয়ে, সঙ্গে ছিল ‘এফ’ অক্ষরের খিস্তি।

পরে অবশ্য সেরা অভিনেতার পুরস্কার নিতে এসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এবং সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। তবে সে সময় ক্রিস রকের নাম উচ্চারণ করেননি তিনি।

পরে ক্রিস রকের কাছে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছিলেন স্মিথ।

এরপর অ্যাকাডেমির বোর্ড সিদ্ধান্ত নেয় আগামী ১০ বছর অস্কারের আয়োজনে সরাসরি কিংবা ভার্চুয়ালি কোনোভাবেই অংশ নিতে পারবেন না স্মিথ।