Published : 26 Dec 2025, 09:53 PM
দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।
নির্মাতা জানিয়েছেন, তিন দিনের দৃশ্যধারণ শেষে নাটকটির সম্পাদনার কাজ চলছে। নতুন বছর উপলক্ষে নাটকটি প্রকাশ করা হবে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।
‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকটি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, "কমেডি আর থ্রিলার গল্পের ভিড়ে দর্শক এখন পারিবারিক গল্পের নাটকে স্বস্তি খোঁজেন। প্রযোজক আর চ্যানেল কর্তৃপক্ষও নতুন করে ঝুঁকছে পারিবারিক সম্পর্কের গল্পে।
"২৪ বছর ধরে আমি সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটক, টেলিফিল্ম বানিয়েছি। সে কারণেই প্রযোজক জামাল ভাই আমাকে নব্বইয়ের দশকের আবেগ নিয়ে একটি নাটক নির্মাণের জন্য বললেন"

চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনেই দুই গুণী অভিনয়শিল্পীকে নিয়েছেন জানিয়ে নির্মাতা বলেন, "গল্পটা বেশ সুন্দর। শান্তনু ভালো লেখে। আমি কী চাই তা ভালো বোঝে সে। চমৎকার একটি চিত্রনাট্য লিখেছে সে। চিত্রনাট্যের প্রয়োজনেই বেছে নিয়েছি আবুল হায়াত আর ডলি জহুরের মত গুণী দুই শিল্পীকে। দারুণ একটি নাটক হয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারব।"
নির্মাতার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, চয়নিকা সব সময়ই ভীষণ ‘সচেতন, বিচক্ষণ’।
“তার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করেন তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে নিজের মত করে অভিনয়টা করার সুযোগ পান। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগল।"
ডলি জহুর বলেন, "হায়াত ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা। তার সঙ্গে বহু নাটক-সিনেমায় অভিনয় করেছি। অনেক স্মৃতি তার সঙ্গে। হায়াত ভাইয়ের সঙ্গে কাজ করলে গল্পের ফাঁকে ফাঁকে স্বাচ্ছন্দ্যে কাজ হয়ে যায়। নাটকটি প্রচারে এলে আশা করছি ভালো লাগবে দর্শকের।"