২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'জাতীয় চলচ্চিত্র সম্মেলনে' উঠছে দশ বিষয়

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে হবে 'জাতীয় চলচ্চিত্র সম্মেলন'।

'জাতীয় চলচ্চিত্র সম্মেলনে' উঠছে দশ বিষয়
'জাতীয় চলচ্চিত্র সম্মেলন'র পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 10:46 AM

Updated : 26 Aug 2026, 11:40 AM

পাঁচশোর বেশি চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতাসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকায় বসছে 'জাতীয় চলচ্চিত্র সম্মেলন'। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন হবে বুধবার বিকাল ৩টায়।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে 'সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ'।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য  মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 

প্রায় ৫০০ জন চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্র কর্মী, অভিনয় শিল্পীসহ চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকেই অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্প চর্চা ও বাণিজ্যক খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

যেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট দশটি বিষয় উপস্থাপন করা হবে। 

সেগুলো হল-বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, ই-টিকেটিং সার্ভার ও বক্স-অফিস, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকেট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি-রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ।