৪৮ বছরে নান্দনিক নাট্য সম্প্রদায়
“যে স্বপ্ন নিয়ে থিয়েটার শুরু করেছিলাম বিভিন্ন পরিস্থিতিতে হয়তো সেটা পূরণ হয়নি, আমি বিশ্বাস করি দলের তরুণ সদস্যরা দলকে আরো সামনে এগিয়ে নিবে।"
নানা চড়াই উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকী উদযাপন করছে নান্দনিক নাট্য সম্প্রদায়।
১৯৭৭ সালের ১৬ই অক্টোবর প্রতিষ্ঠিত হয় নান্দনিক নাট্য সম্প্রদায়। বিজ্ঞপ্ততিতে নান্দনিক বলছে, নাট্যচর্চা অব্যহত রাখার পাশাপাশি স্রোতে গা না ভাসিয়ে ঐতিহাসিক ও রাজনীতি-সচেতন বিভিন্ন নাটক তারা মঞ্চে এনেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দনিকের প্রধান ও প্রতিষ্ঠাতা সদস্য আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, "শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল দেশ-বিদেশের নান্দনিক নাটক মঞ্চে নিয়ে আসা। ফলে আমাদের প্রযোজনা সংখ্যা কম। কিন্তু গুণগত মানে আমরা কখনোই ছাড় দেইনি। আমরা যে স্বপ্ন নিয়ে থিয়েটার শুরু করেছিলাম বিভিন্ন পরিস্থিতিতে হয়তো সেটা পূরণ হয়নি, আমি বিশ্বাস করি দলের তরুণ সদস্যরা দলকে আরো সামনে এগিয়ে নিবে।"
"আমার সোনার হরিণ চাই" নাটক দিয়ে পথচলা শুরু এই নাট্যদলের। এরপর রক্তকরবী, শাস্তি, নৃপতি, ক্লিওপেট্রা, মহাবিদ্রোহ ও সম্রাট বাহাদুর শাহ জাফরসহ বিভিন্ন প্রযোজনা মঞ্চায়ন করেছে নান্দনিক।
দলের জ্যেষ্ঠ সদস্য বদরুদ্দোজা বলেন, "নান্দনিক একটা পরিবার যেখানে সদস্যদের মানবিক মানুষ হিসেবে তৈরি করা হয়। থিয়েটার শুধু অভিনয় করা ও শেখার জন্য নয়। বরং দেশপ্রেমিক মানুষ গড়ার জায়গা। ৪৮ বছর মঞ্চে কাজ করা একটা বিশাল অর্জন।"
নান্দনিকের প্রযোজনা ব্যবস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, "নান্দনিকের যে সদস্য যে কাজের যোগ্য; তাকে সেই কাজ দিতে কোন কার্পণ্য করেনা। নান্দনিক নাট্য সম্প্রদায় সংগঠন হিসেবে টিকে থাকবে তার নান্দনিক কর্ম দিয়ে।"
