গালিবের গানে কলকাতার শিলাজিৎ গাইলেন 'ভেঙে গেলো'
'ভেঙে গেলো' গানটি ‘গানচিল মিউজিক’ থেকে প্রকাশ হয়েছে।
গীতিকার গালিব সর্দারের লেখা গানে প্রথমবারের মত কণ্ঠ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী শিলাজিৎ মজুমদার।
'ভেঙে গেলো' শিরোনামের গানটি প্রকাশ হয়েছে ‘গানচিল মিউজিক’ থেকে।
‘ভেঙে গেলো স্বপ্ন আমার, শব্দ হল না, ভাঙল কত ঘুম, কেউ শুনতে পেল না’-এমন কথার গানটির সুর করেছেন শাদিউল আলম জীবন। সংগীতায়োজন করেছেন বাবি।
কলকাতার নিয়োগিস প্লেসে গানটির রেকর্ডিং হয়েছে। গানের ভিডিও নির্মাণ করেছেন রাহী আবদুল্লাহ ও তার টিম।
গানটি নিয়ে গীতিকার গালিব সর্দার গ্লিটজকে বলেন, শিলাজিৎ মজুমদারের সঙ্গে তার পরিচয় দুই দশকের বেশি সময় আগের।
“সম্পর্কের খাতিরে হয়ত আগেই আমার লেখা গানে পেতাম তাকে। কিন্তু আমি সেটা চাইনি। এমন একটা গানের খোঁজে ছিলাম, যেটা শিলুদার সঙ্গে যায়। 'ভেঙে গেলো' গানটি লেখার পর মনে হয়েছিল, এটা তাকে শোনানো যেতে পারে। গানটি শিলুদাকে পাঠানোর পর তিনি খুবই পছন্দ করেন।”
নব্বই দশকের গায়ক শিলাজিৎ মজুমদার একাধারে গায়ক, গীতিকার, সুরকার। করেন অভিনয়ও।
এই গায়ককে নিয়ে গালিবের ভাষ্য, “শিলাজিতের গান একেবারেই আলাদা। ভাষা, শব্দ আর সুর নিয়ে তার এক্সপেরিমেন্ট শ্রোতাদের কাছে আকর্ষণীয়।'
বাংলা গানে শিলাজিতের আবির্ভাব ১৯৯৪ সালে। প্রথম অ্যালবাম ‘ভূমিকা’। এরপর এ্কে একে প্রকাশ পায় ‘আমরাও বেঁচে আছি’, ‘এক্স ইকুয়্যালটু প্রেম’, ‘সর্বনাশ’, ফিসফিস’, ‘লালমাটির সরানে’, 'রিমঝিম', 'ফোক রক আমরা' সহ আরো কিছু অ্যালবাম।
শিলাজিতের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘যা পাখি উড়তে দিলাম তোকে’, ‘তোদের ঘুম পেয়েছে বাড়ি যা’, ‘ধরব ধরব করছি কিন্তু ধরতে পারছি না’, ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’, ‘সর্বনাশ’।
পাশাপাশি ‘হেমলক সোসাইটি’ সিনেমার ‘জলফড়িং’, বহুরূপী সিনেমার ‘তুই ক্যানে এলি সরোবরে’সহ আরো কিছু জনপ্রিয় সিনেমার গানে পাওয়া গেছে শিলাজিৎকে।
