Published : 05 Nov 2023, 02:21 PM
কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন মজে আছে গোয়েন্দা গল্প আর থ্রিলারে। আর তাই নিয়ে হতাশা প্রকাশ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
তিনি বলেছেন, “এক সময় শুনতাম, বাংলায় নাকি থ্রিলার হয় না। কে যেন ফিরিয়ে আনতে চাইল। এখন থ্রিলারের ভিড়ে ইন্ডাস্ট্রির কী অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছি!’’
ঋত্বিককে আগামীতে দেখা যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে নির্মিত কমেডি ঘরানার ‘একটু সরে বসুন’ সিনেমা। কলকাতার নির্মাতা কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ সিনেমায় ‘গুড্ডু’ হয়েছেন ঋত্বিক।
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আসন্ন সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে টলিউড ইন্ডাস্ট্রির নানা সমস্যা নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেতা।
‘একটু সরে বসুন’-এর প্রস্তাব পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছিল, তা জানতে চেয়েছিল আনন্দবাজার।
এ অভিনেতার উত্তর, “এটা ঠিক, কমলদা যে ধরনের সিনেমা করেন, তার সঙ্গে এই সিনেমার কোনো মিল নেই। তবে আমি খুব আবাক হইনি। কারণ দীর্ঘদিন আগেই কমলদা আমাকে বলেছিলেন যে, বনফুলের একটা ছোট গল্প নিয়ে তার সিনেমা করার ইচ্ছে রয়েছে। খুবই ভালো অভিজ্ঞতা।’’
বাংলায় এখন কমেডি নির্ভর সিনেমার সংখ্যা কমে গিয়েছে বলেই মনে হচ্ছে ঋত্বিকের।
“একটা সময়ে আমিই তো ‘ক্রস কানেকশন’ এবং ‘বিবাহ ডায়রিজ়’-এর মতো সিনেমা করেছি। কিন্তু এখন রমকমও তো নেই। ‘ভূতের ভবিষ্যৎ’-এর পর এ রকম সামাজিক কমেডি সিনেমাও খুব একটা তৈরি হয়নি।”
ঋত্বিক বলেন, এ ধরনের সিনেমা দর্শক পছন্দ করে। কিন্তু হচ্ছে না বলে যদি সবাই আবার ওই ‘ফিরিয়ে আনার’ চেষ্টা করেন, তখনই দেখা দেয় মুশকিল। বাজারে একই ধরনের সিনেমার ভিড় লেগে যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘একটু সরে বসুন’ এর টিজার এসেছে। এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে ‘গুড্ডু’র যাবতীয় কাণ্ডকারখানা ঘিরে।
সংস্কৃত ভাষার স্নাতক গুড্ডু পশ্চিমবঙ্গের ছোট শহর বেগুনবাগিচার বাসিন্দা। এই তরুণ বেকার, জীবনের কোনো লক্ষ্য নেই।
গুড্ডুর পরিবারের সদস্য এবং মেলামেশার গণ্ডির মানুষজনও তার মত কিছুটা অদ্ভুত স্বভাবের। প্রেমিকা পিউয়ের জোরাজুরিতে গুড্ডু একসময় আসে কলকাতায়, উদ্দেশ্য চাকরি জোটানো।
সেজন্য নানা অফিসে ঢুঁ মেরে অবশেষে সিনেমার আরেক চরিত্র ফটকেদার মাল্টিন্যাশনাল কোম্পানি গুড্ডুর পছন্দ হয়। এই তরুণ ঠিক করেন, যেমন করে হোক ফটেকদার অফিসে চাকরি পেতে হবে। ফটেকদা আবার গুড্ডুর আত্মীয়। তাই ফটেকদার বাসায় তল্পিতল্পা নিয়ে হাজির হয় গুড্ডু।
এরপর থেকে নানা ধরনের অঘটন এবং সাহসের কাজ করে বসেন গুড্ডু। সেসব কাজের জন্য শহরের সংবাদমাধ্যম গুড্ডুর নাম দেয় ‘নতুন ভাই’।
সিনেমায় ঋত্বিকের নায়িকা হয়েছেন পাওলি দাম। এছাড়া অভিনেত্রী পায়েল সরকার, ইশা সাহা, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, মানসী সাহা, বিশ্বনাথ বসুসহ আরও অনেকে কাজ করেছেন।
এই মুহূর্তে ‘কলঙ্ক’ ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত ঋত্বিক। সাহানা দত্ত পরিচালিত এই সিরিজে ঋত্বিকের বিপরীতে রয়েছেন রাইমা সেন।
আরও পড়ুন