১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলকাতায় এসে 'গুড্ডু' হলেন ‘নতুন ভাই’

ভারতীয় সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অবলম্বনে এ সিনেমা বানিয়েছেন কলকাতার নির্মাতা কমলেশ্বর মুখার্জি।

কলকাতায় এসে 'গুড্ডু' হলেন ‘নতুন ভাই’

ঋত্বিক চক্রবর্তী

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 01:57 PM

Updated : 31 Oct 2023, 01:57 PM

‘গুড্ডু’ ওরফে গুরুপদ দাশগুপ্ত কলকাতায় আসার পর পরিচিত হলেন ‘নতুন ভাই’ নামে। নানা ধরনের ঘটনার চেয়েও বেশি ঘটালেন ‘অঘটন’। যদিও খামখেয়ালি স্বভাবের এই তরুণের উদ্দেশ্য হল নামজাদা একটি অফিসে চাকরি জোটানো। ‘গুড্ডু’র মজার মজার এবং আক্কেলগুড়ুম করা কাজকর্ম দেখা যাবে ‘একটু সরে বসুন’ সিনেমায়।

ভারতীয় সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, যিনি পরিচিত ছিলেন 'বনফুল‘ নামে, তার একটি ছোট গল্প অবলম্বনে এই সিনেমা বানিয়েছেন কলকাতার নির্মাতা কমলেশ্বর মুখার্জি। সিনেমায় গুড্ডু হয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

‘একটু সরে বসুন’ এর টিজার এসেছে সোশ্যাল মিডিয়ায়।

হিন্দুস্তান টাইমস বলছে, এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে ‘গুড্ডু’র যাবতীয় কাণ্ডকারখানা ঘিরে।

সংস্কৃত ভাষার স্নাতক গুড্ডু পশ্চিমবঙ্গের ছোট শহর বেগুনবাগিচার বাসিন্দা।  এই তরুণ বেকার, জীবনের কোনো লক্ষ্য নেই।

গুড্ডুর পরিবারের সদস্য এবং মেলামেশার গণ্ডির মানুষজনও তার মত কিছুটা অদ্ভুত স্বভাবের। প্রেমিকা পিউয়ের জোরাজুরিতে গুড্ডু একসময় আসে কলকাতায়, উদ্দেশ্য চাকরি জোটানো।

সেজন্য নানা অফিসে ঢুঁ মেরে অবশেষে সিনেমার আরেক চরিত্র ফটকেদার মাল্টিন্যাশনাল কোম্পানি গুড্ডুর পছন্দ হয়। এই তরুণ ঠিক করেন, যেমন করে হোক ফটেকদার অফিসে চাকরি পেতে হবে। ফটেকদা আবার গুড্ডুর আত্মীয়। তাই ফটেকদার বাসায় তল্পিতল্পা নিয়ে হাজির হয় গুড্ডু।

এরপর থেকে নানা ধরনের অঘটন এবং সাহসের কাজ করে বসেন গুড্ডু। সেসব কাজের জন্য শহরের সংবাদমাধ্যম গুড্ডুর নাম দেয় ‘নতুন ভাই’।

Image

ইশা, পায়েল, পাওলি

‘একটু সরে বসুন’ সিনেমাটিকে ‘সামাজিক কমেডি’ বলছেন নির্মাতা কমলেশ্বর।

পরিচালকের ভাষ্য, “এতদিন আগে লেখা বনফুলের গল্প আজও প্রসঙ্গিত। বেকারত্বের সমস্যার কারণে তরুণরা যে সমস্যায় পড়ছেন, সেটা নিয়েই গল্প।”

সিনেমায় ঋত্বিকের নায়িকা হয়েছেন পাওলি দাম। এছাড়া অভিনেত্রী পায়েল সরকার, ইশা সাহা, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, মানসী সাহা, বিশ্বনাথ বসুসহ আরও অনেকে কাজ করেছেন।

Image

পরাণ বন্দ্যোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়

বিগ ক্যাট ফিল্ম, ইউরোপ মিডিয়া এন্টারটেইনমেন্ট, জিপিই এন্টারটেইনমেন্ট, ডার্ক এনার্জি সম্মিলিতভাবে প্রযোজনা করেছে ‘একটু সরে বসুন’। টিজার প্রকাশ হলেও সিনেমা মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।