Published : 12 Mar 2026, 03:32 PM
প্রকাশ্যে এসেছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার টিজার।
বৃহস্পতিবার দুপুরে ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ ইউটিউব চ্যানেলে এসেছে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি। পরিচালক আবু হায়াত মাহমুদ এই টিজারকে নাম দিয়েছে প্রি-ব্লাস্ট।
টিজারটি ফেইসবুকে পোস্ট করে শাকিব খান লিখেছেন, "আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি! এই ঈদের বহুল প্রতীক্ষিত ‘প্রি-ব্লাস্ট’ প্রকাশ হয়েছে।"
সিনেমার গল্প নিয়ে এই অভিনেতা লিখেছেন, "সাম্রাজ্য, প্রভাব, অ্যাকশন ও রোমান্সের ঝড় নিয়ে দর্শকের সামনে আসছে সিনেমা ‘প্রিন্স’। ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাছের প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করুন অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটি।"
টিজারের ভিডিওতে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিবকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করে ফেলছেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।
শাকিবকে বলতে শোনা যায়, “আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।”
শাকিবের আরেকটি চেহারাও সামনে এসেছে টিজারে, যেখানে তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি।
আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে ভিডিওতে।
সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।
শিরিন সুলতানার প্রযোজনায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ ব্যানারে আসছে সিনেমাটি। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। গল্পের প্রয়োজনে শাকিবের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।
সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন যৌথভাবে।
আরও পড়ুন:
শাকিবের 'প্রিন্স' নিয়ে দুটি কথা
শাকিবের বিপরীতে ফারিণ, চরিত্রটি যেমন
'প্রিন্স': শাকিবের কলকাতার নায়িকাও চূড়ান্ত