Published : 06 Feb 2026, 10:30 PM
ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।
রোজার ঈদে মুক্তি পেতে চলা শাকিবের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় ফারিণ অভিনয় করছেন। সম্প্রতি শ্রীলঙ্কায় সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেত্রী।
কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপচারিতায় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা, পর্দায় তার চরিত্র এবং কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে তার কাজ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
শাকিবের বিপরীতে কাজ করবেন বলেই রাজি হয়েছেন কী না প্রশ্নে ফারিণ বলেন, “তারকা নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই বড় বিষয়। আমি তারপরও আমার চরিত্রের গুরুত্ব দেখি। নতুনত্ব কী পাচ্ছি, বুঝে নিই। তারপর রাজি হই।”
ফারিণের কথায়, ‘প্রিন্স’ সিনেমায় তার চরিত্রটি তাকে অভিনয়শিল্পী হিসেবে ‘চ্যালেঞ্জের মুখে ফেলেছে’।
চ্যালেঞ্জটি কেমন সে ব্যাখ্যায় তিনি বলেন, “এই প্রথম সম্পূর্ণ বিনোদনধর্মী চরিত্রে অভিনয় করছি। আপনারা যাকে গ্ল্যামারাস বলেন। তার উপরে প্রচুর স্তর। নব্বইয়ের দশক উঠে আসবে সিনেমায়। অথচ আমি ওই সময়ে জন্মাইনি। তাছাড়া, প্রত্যেক দৃশ্যে আমার চরিত্রটি বদলাতে বদলাতে এগোবে। এতকিছু একটি চরিত্রে পেলে কোন অভিনেত্রী না খুশি হন!”
তার চরিত্রের জন্যই শাকিবের বিপরীতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু থাকার পরও কাজটি করতে দ্বিধা করেননি বলে জানিয়েছেন ফারিণ।
কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ সিনেমা করার কথা ছিল ফারিণের। তবে নানা কারণে কাজটি হয়নি। চলতি বছরের দেবের ‘টনিক ২’ সিনেমা মুক্তি পাবে।

দেবের সঙ্গে নতুন কোনো কাজের প্রস্তাব পেয়েছেন কী না জানতে চাইলে ফারিণ বলেন, “কলকাতায় কাজ করার ইচ্ছা রয়েছে। কথাও হচ্ছে অনেকের সঙ্গে। পাকাপাকি কিছু ঠিক না হলে জানাতে ভয় করে। গত অভিজ্ঞতা দারুণ শিক্ষা দিয়েছে।”
কলকাতার কাজের কোনো কথাই আগে বলতে চান না জানিয়ে অভিনেত্রী বলেন, “আমার অনুরাগীরা ভালো খবর পেলে খুব আশা করে থাকেন। কোনো কাজ বাতিল হয়ে গেলে কষ্ট পান। আমি তাদের কষ্ট দিতে চাই না।”
গেল বছর অভিনেত্রী পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে একটি সিনেমায় কাজের কথা বলেছিলেন। সেই সিনেমার শুটিং কবে শুরু হবে, সে খবরও এখনই জানাতে চান না তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে অভিনেত্রীর স্পষ্টভাবে জবাব, এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে তিনি ‘আগ্রহী নন’।

অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিগঞ্জে বড় পর্দায় অভিষেক হয়েছিল ফারিণের।
প্রিন্সে আরও যারা
আর শাকিবের ‘প্রিন্স’ সিনেমাটি আসছে রোজার ঈদে। শিরিন সুলতানার প্রযোজনায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ ব্যানারে আসছে সিনেমাটি। পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।
কদিন আগে এই সিনেমার মোশন পোস্টার প্রকাশ হয়েছে।
এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী।
চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। গল্পের প্রয়োজনে শাকিবের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।
এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্বে আছেন বলিউডের কয়েকজন।
পরিচালক মাহমুদ বলেছেন, সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে আছেন।

সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন যৌথভাবে।
আরও পড়ুন:
শাকিবের 'প্রিন্সেস' তাসনিয়া ফারিণ
শাকিবের 'প্রিন্স': মোশন পোস্টার যে বার্তা দিল