২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিচি সোলায়মান প্রথমবার সিনেমায়

অভিনেত্রী বলেছেন, চলতি মাসের শেষের দিকে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

রিচি সোলায়মান প্রথমবার সিনেমায়
অভিনেত্রী রিচি সোলায়মান। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 11:52 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

প্রায় আড়াই দশকের অভিনয়জীবনে প্রথমবারের মত বড় পর্দায় অভিনয় করবেন অভিনেত্রী রিচি সোলায়মান। 

পরিচালক রাজীব সালেহীনের পরিচালনায় একটি সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। যে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই।  

সম্প্রতি একটি কফিশপের উদ্বোধনী আয়োজনে হাজির হয়ে এই খবর দিয়েছেন রিচি। 

তিনি বলেন, “একটি সিনেমার কাজে আমি যুক্ত হয়েছি। যেহেতু কাজটি এখনো শুরু করিনি তাই বিস্তারিত জানানো যাচ্ছে না। সিনেমাটি পরিচালনা করবেন রাজীব সালেহীন। এ ছাড়া আরও কিছু কাজের কথা হয়েছে। শিগগিরই আমার দর্শকরা তা জানতে পারবে।”

এই অভিনেত্রী আরও জানিয়েছেন, এ মাসের শেষের দিকে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা হবে। সে সময় জানানো হবে সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নামও। সিনেমাটি প্রযোজনা করছে পিক্সরি মোশন পিকচার।  

গেল বছরের শেষের দিকে ঢাকার উত্তরায় রিচি সোলায়মান চালু করেছেন একটি বিউটি স্যালুন। উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এই অভিনেত্রী। 

মাঝে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সম্প্রতি নাটক, বিজ্ঞাপন বা গানের মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। চলতি বছরের জুনে বাবা দিবসকে ঘিরে এক বিশেষ গানচিত্রে অভিনয় করেছেন তিনি। 

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও কাজ করেছেন রিচি সোলায়মান।