শারদীয় উৎসব: সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যাবে যাত্রাপালা
এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
দুই দিনের ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
উৎসবের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’।
শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রাপালাটি মঞ্চায়িত হবে; যার পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী। পরিবেশনায় থাকবে মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা।
সমাপনী দিন বুধবার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের শুরতেই ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে।
অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন। সমাপনী সন্ধ্যায় শুভেচ্ছা বক্তব্য দেবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে। এ আয়োজন জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরের দুই ঈদে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এ উৎসব আয়োজন করা হয়েছে।
