ছুটি কাটাতে আমেরিকায় রাফী, ফিরেই ‘তুফান ২’ এর শুটিং
‘তুফান’ এর সিক্যুয়েলে টলিউডের আরও প্রথম সারির তারকারা থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন রাফী।
নির্মাতা রায়হান রাফীর বৃহস্পতি এখন তুঙ্গে। ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’- একের পর এক সফল সিনেমা। আনন্দের সঙ্গে তো ক্লান্তি থাকবেই। তাই এখন ছুটিতে রাফী।
কয়েকটাদিন শুধু ছুটির আমেজেই কাটাতে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন এই নির্মাতা। তবে ফিরে এসেই ঝাঁপ দেবেন ‘তুফান-২’ এর শুটিংয়ে।
আমেরিকা থেকে ফোনে আনন্দবাজার অনলাইনকে তেমনটাই জানিয়েছেন।
‘তুফান’ নিয়ে রাফীর ভাষ্য, “অনেক পরিশ্রম গিয়েছে। দুই দেশ মিলিয়ে শুটিং। তারপর দুই দেশ মিলিয়ে প্রচার। দর্শকেরা মুখ ফেরাননি। দুই বাংলা, বিদেশ মিলিয়ে ছবি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন, না হলে পরের ছবিতে মন দিতে পারব না।”
ছুটি থেকে ফিরেই কি তবে সেই ছবিতেই হাত দেবেন- এমন প্রশ্নে রাফী বলেন, “আপাতত তেমনই ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে ‘তুফান’ ছবি।”
তবে সবটাই জানাবে দুই বাংলার প্রযোজনা সংস্থা। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন ফ্র্যাঞ্চাইজ়িতে।
নির্মাতা আরও জানিয়েছেন, টলিউডের আরও প্রথম সারির তারকারা থাকতে পারেন এই ছবিতে।
সিক্যুয়েলে মিমি চক্রবর্তীর উপস্থিতি আরও বাড়কে কি না জানতে চাইলে রাফীর জবাব, “দেখুন, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক।”
ছবির যে সিক্যুয়েল হচ্ছে এ কথা শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি। ছবির সাফল্যে তিনিও ছুটির মেজাজে। অভিনেত্রী পাড়ি দিয়েছেন জলপাইগুড়িতে।
