শুক্রবার কাকতালের কনসার্ট ‘বর্ষণাবেগ’
বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট। কাকাতাল ছাড়াও গাইবে আরেক ব্যান্ড 'মঞ্চ গান'।
বর্ষার গান নিয়ে কনসার্টের আয়োজন করেছে ব্যান্ড দল 'কাকতাল'। এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বর্ষণাবেগ’।
শুক্রবার ঢাকার আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে এই কনসার্টের আয়োজন করেছে রিদম রেভলিউশন নামের একটি প্রতিষ্ঠান।
এর প্রতিষ্ঠাতা ফারদিন রহমান গ্লিটজকে বলেন, "আমাদের কনসার্টটি গত ১৭ জুলাই করার কথা ছিল। কিন্তু সে সময় দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা সবারই জানা। আমরা কনসার্ট স্থগিত করেছিলাম। সেই কনসার্টটিই এটি। এটি কোনো চ্যারেটি কনসার্ট নয়, তবে এর থেকে প্রাপ্ত কিছু অর্থ আমরা বর্ষায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।"
এদিকে ফেইসবুকে এক পোস্টে কাকতাল লিখেছে, "আমাদের এই শোটি বর্ষার শুরুর দিকে প্ল্যান করা। পিছিয়ে অবশেষে ৩০ তারিখে ঠেকেছে। এই কারণে আমরা বর্ষার আরাধ্য রূপের বন্দনার সাথে অর্জিত অর্থ বর্ষায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়ার আরও একটা সুযোগ পেয়েছি। আশা করি সাথে থাকবেন আপনারা।"
শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হবে এই কনসার্ট। কাকাতাল ছাড়াও গাইবে আরেক ব্যান্ড 'মঞ্চ গান'।
'কাকতাল' এ পর্যন্ত ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে। ব্যান্ডের বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন আসিফ ইকবাল (ভোকালিস্ট, লিরিসিস্ট, গিটারিস্ট), নাজেম আনোয়ার (বাঁশিবাদক), অ্যালেক্স জোভেন (ড্রামার, পারকাশনিস্ট), সৌম্য অনিন্দ্য ঋদ্ধ (বেইজ গিটারিস্ট) ও অন্তর (কি–বোর্ডিস্ট)।
