Published : 01 Mar 2026, 03:06 PM
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হলে বিপদে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
সেটি হল দুবাই যাওয়ার পথে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আটকা পড়েন তিনি। ফেইসবুকে এক পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, দিনটি তার কাছে ‘দুঃস্বপ্নের মত’ কেটেছে।
নুসরাত ফারিয়া লিখেছেন, “ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”
এই অস্থিরতার মধ্যেও মানুষের ভালোবাসা নুসরাত ফারিয়াকে 'মানসিকভাবে শক্ত' রেখেছে বলে মন্তব্য করেছেন ফারিয়া।
তিনি লিখেছেন, “এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তাম্বুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।”
পরে ফারিয়া পরে ঢাকার পথ ধরেন।
তিনি বলেন, “একটাই প্রার্থনা, পৃথিবীটা যেন একটু শান্ত হোক।”
গেল বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল ফারিয়ার 'জ্বীন ৩' সিনেমা।
অভিনয়ের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে প্রকাশ পায় তার প্রথম গান ‘পটাকা’। একে একে আরও আসে তিনটি গান।
এক অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছিলেন, শিগগিরই নতুন গান নিয়ে হাজির হবেন তিনি।