২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে পর্দাজুড়ে চলবে যেসব নাটক ও সিনেমা

বিজয় দিবস উপলক্ষে প্রচার হওয়া বিশেষ নাটক ও অনুষ্ঠানগুলোর খবর তুলে ধরেছে গ্লিটজ।

বিজয় দিবসে পর্দাজুড়ে চলবে যেসব নাটক ও সিনেমা
বিজয় দিবসের নাটক ও সিনেমার দৃশ্য। ছবি: টেলিভিশন চ্যানেলগুলোর সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

বিজয় দিবসের এই দিনে স্বাধীনতার গল্প, মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষের সামনে নতুন করে তুলে ধরতে দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন স্টেশনের পর্দায় প্রচার হবে নানা অনুষ্ঠান। 

নাটক, সিনেমা, সংগীত, আবৃত্তি, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্রে পর্দাজুড়ে ফুটে উঠবে ১৯৭১ সালের চেতনা। বিজয় দিবস উপলক্ষে প্রচার হওয়া বিশেষ নাটক ও অনুষ্ঠানগুলোর খবর তুলে ধরেছে গ্লিটজ। 

বিটিভিতে ‘মানচিত্র’

বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান সূচি। দিনব্যাপী এই আয়োজনে থাকছে আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, কবিতা আবৃত্তি। 

রাত ৯টায় দেখা যাবে নাটক ‘মানচিত্র’। 

মুক্তিযুদ্ধ, মানুষের সংগ্রাম-আবেগ ও আত্মত্যাগ আর ভালোবাসার গল্প নিয়ে রচিত হয়েছে নাটকের কাহিনী। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। 

অভিনয় করেছেন সাব্বির আহমেদ, কাজী আসাদ, আইনুন নাহার পুতুল, বাবুল আহমেদ, আবদুর রহমানসহ অনেকে। 

চ্যানেল আইয়ে ‘অজ্ঞাতনামা’ 

দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে ‘ইকোসাইড ১৯৭১’ শিরোনামের অনুষ্ঠান। এটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন মুকিত মজুমদার বাবু।  

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের মুক্তিযুদ্ধবিষয়ক গল্প অবলম্বনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ডাক্তার বাড়ি’। এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। 

মুক্তিযুদ্ধে একটি বাড়ির সদস্যরা কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন সেই কাহিনী উঠে এসেছে নাটকে। এতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, আহসান হাবিব নাসিম, নরেশ ভূঁইয়া, রিয়া মনিসহ অনেকে। 

দীপ্ত টিভিতে ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’ 

ছায়ানটের অনুষ্ঠান ‘আমার বাংলা’ সরাসরি প্রচার হবে দীপ্ত টিভিতে দুপুর ৩টা ৩০ মিনিটে। রাত ১১টা ৩৫ মিনিটে দেখা যাবে প্রামাণ্য কাহিনীচিত্র ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’। এতে দেখা যাবে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক বিজয় অর্জিত হলেও কার্যত দেশ শত্রুমুক্ত হয় আরও দেড় মাস পর। 

১৯৭২ সালের ৩০ জানুয়ারি স্বাধীন দেশে পাকিস্তানি ও বিহারিদের হাতে অবরুদ্ধ ঢাকার মিরপুর মুক্ত করাই ছিল মূলত স্বাধীনতার শেষ যুদ্ধ। 

এই ঘটনা পর্দায় তুলে আনতে কাজ শুরু করে পাভেল নামের একজন তরুণ নির্মাতা। কাহিনীচিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন মারুফ হাসান ও চিত্রনাট্য সম্পাদনা করেছেন নাসিমুল হাসান। পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।

বাংলাভিশনে ‘হৃদয়ে ৭১’

বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ‘হৃদয়ে ৭১’ বাংলাভিশনে প্রচার হবে বিকেল ৫টা ১০মিনিটে। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা, প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকী। 

বৈশাখী টেলিভিশনে ‘হাঙর নদী গ্রেনেড’ 

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি দেখা যাবে দুপুর ১ টায়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ থেকে সিনেমাটি নির্মিত হয়। 

সিনেমায় দুইজন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য নিজের ঘরে লুকিয়ে রাখেন একজন নারী, আর নিজের সন্তানকে তুলে দেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। ছেলেটিকে পাকিস্তান আর্মি গুলি করে হত্যা করে। সন্তানের জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা চাওয়া এক মায়ের গল্পই ‘হাঙর নদী গ্রেনেড’। 

এতে অভিনয় করেন সুচরিতা, সোহেল রানা, ইমরান, অরুণা, দোদুল, রাজীব, মিজু আহমেদসহ অনেকে।

নাটক ‘বীরাঙ্গনা’ প্রচার হবে রাত ১০টায়। টিপু আলম মিলনের গল্পে চিত্রনাট্য করেছেন আনন জামান। পরিচালনা শুদ্ধমান চৈতন্য। অভিনয়ে রওনক হাসান, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিকসহ অনেকে। 

মাছরাঙা টেলিভিশনে ‘শেষ প্রহর’ 

রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটক ‘শেষ প্রহর’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াতসহ অনেকে।  

গল্পে দেখা যাবে, আনুশকা কানাডা থেকে দেশে এসেছে পৈতৃক সম্পত্তি বিক্রি করার উদ্দেশে। বাবা মারা যাওয়ায় দেশে তার আর কেউ নেই। তাই বাবার বন্ধু হায়াত আঙ্কেলের বাসায় উঠেছে সে। আনুশকার জমি বিক্রির কথা শুনে আঙ্কেল বেশ কষ্ট পান। এদিকে হায়াত সাহেবের পরিবারে এক ঝামেলা তৈরি হয়। 

স্থানীয় এক নেতা তার একটি জমি কিনতে চায়। কিন্তু হায়াত সাহেব তার কাছে জমি বিক্রি করতে চান না। কারণ, সে একজন রাজাকার। হায়াত সাহেবের কথা শুনে আনুশকার চোখ খুলে যায়। নতুন করে দেশ নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে ভাবতে শুরু করে। এভাবেই এগিয়ে যাবে গল্প।