১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আলাউদ্দিন সংগীতাঙ্গন’ রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান 'সম্প্রীতি যাত্রা'র

“যে স্থানটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, সেটি এখন অস্তিত্বের সংকটে," বলা হয় বিবৃতিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 10:45 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ব্রাহ্মণবাড়িয়ার ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনকে’ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সেটা রাষ্ট্রের তত্ত্বাবধানে নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক সমাজ নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।

সোমবার এক বিবৃতিতে সম্প্রীতি যাত্রা বলেছে, "আলাউদ্দিন সংগীতাঙ্গন কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য, প্রজন্মের পর প্রজন্মের শিল্পচর্চার কেন্দ্র। আমরা সব সাংস্কৃতিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানাই, এই ঐতিহ্য রক্ষায় একসঙ্গে সোচ্চার হোন। সংগীতের এই পবিত্র স্থান যেন আইনি দ্বন্দ্বে হারিয়ে না যায়।"

পঞ্চাশের দশকে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেলরোডে একটি বাড়ি কিনেছিলেন সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ; তার ইচ্ছা ছিল এই বাড়িতে একটি সংগীত কলেজ প্রতিষ্ঠা করবেন। ১৯৫৬ সালে সেখানে প্রতিষ্ঠা পায় ‘দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’।

পাঁচ বছর আগে সেই সংগীতাঙ্গনের জমির মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হন চারজন। তারা আলাউদ্দিন খাঁর বড় মেয়ে সরোজা বেগমের বংশধর।

এ বিষয়ে সোমবার 'জমির বিরোধে সংকটে আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গন' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সম্প্রীতি যাত্রা'র বিবৃতিতে বলা হয়, "ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন জেলরোডে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন ‘দি আলাউদ্দিন সংগীতাঙ্গন’। এখান থেকেই ছড়িয়ে পড়েছিল বাংলার শাস্ত্রীয় সংগীতচর্চার প্রাণস্রোত। আজ সেই সংগীতাঙ্গন জমির বিরোধে আইনি জটিলতায় পড়েছে।

“যে স্থানটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, সেটি এখন অস্তিত্বের সংকটে।"

আগের খবর

জমির বিরোধে সংকটে আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গন

জমির বিরোধ নিয়ে যা বললেন আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান