জুলাইয়ে আসছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’র নতুন স্পিন অফ সিরিজ
মূল সিরিজের অভিনেতারাই ফিরছেন এই স্পিন অব সিরিজে।
জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’ শেষ হয়েছে ২০১৯ সালে। এর প্রযোজকেরা এবারে পর্দায় আনতে যাচ্ছেন সিরিজটির ওপর ভিত্তি করে নতুন স্পিন অফ ‘স্টুয়ার্ট ফেইলস টু সেইভ দ্য ইউনিভার্স’।
দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ‘দ্য বিগ ব্যাং থিওরির’ অন্যতম পার্শ্বচরিত্র স্টুয়ার্ট ব্লুমকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে মূল সিরিজের অন্যান্য পার্শ্বচরিত্র বার্ট কিবলার, ব্যারি ক্রিপকি ও ডেনিসকেও দেখা যাবে।
সিরিজটি আবর্তিত হবে স্টুয়ার্ট ব্লুমকে ঘিরে। স্টুয়ার্ট একটি কমিক বইয়ের দোকানের মালিক।
‘দ্য বিগ ব্যাং থিওরি’তে দেখানো হয়েছে সিরিজের চার মূল চরিত্র শেলডন কুপার, লেনার্ড হফস্ট্যাডার, রাজেশ কুথরাপাল্লি ও হাওয়ার্ড ওয়ালোভিটস ওই দোকানে নিয়মিত যাতায়াত করে ও কমিক বই সংগ্রহ করে। যে কারণে স্টুয়ার্টের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যায়।
আর ‘স্টুয়ার্ট ফেইলস টু সেইভ দ্য ইউনিভার্স’ সিরিজে দেখানো হবে শেলডন ও লেনার্ডের তৈরি একটি যন্ত্র ভেঙে ফেলেছে স্টুয়ার্ট। যার ফলে, সে পৌঁছে যায় ভিন্ন ভিন্ন বাস্তবতার ভিন্ন ভিন্ন পৃথিবীতে। যেখানে তার সঙ্গে লেনার্ড, শেলডন, রাজেশ ও হাওয়ার্ডসহ অন্য চরিত্রগুলোর সঙ্গে দেখা হয়। শুরু হয় মাল্টিভার্সের উন্মাদনা।
মূল সিরিজের অভিনেতারাই ফিরছেন এই স্পিন অফ সিরিজে। স্টুয়ার্টের চরিত্রে থাকছেন কেভিন সুসম্যান। তার বান্ধবী ডেনিসের চরিত্রে অভিনয় করছেন লরেন ল্যাপকাস। বার্ট কিবলার ও ব্যারি ক্রিপকির ভূমিকায় আবারও দেখা যাবে যথাক্রমে ব্রায়ান পোসেইন ও জন বাউয়িকে।
সুসম্যান নিজের চরিত্র নিয়ে হলিউড রিপোর্টারকে বলেছেন, “স্টুয়ার্ট এই সিরিজে নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে কিন্তু এই কাজটাতে সে মোটেও ভালো নয়!”
দ্য বিগ ব্যাং থিওরির মূল দুই প্রযোজক চাক লোর ও বিল প্রেডির সঙ্গে এই সিরিজে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন জ্যাক পেন। প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কমেডির পাশাপাশি সায়েন্স ফিকশনও মেশানো হয়েছে নতুন এই সিরিজে।
মার্কিন টিভি ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’ ২০০৭ সালে শুরু হয়ে ১২ মৌসুম পর ২০১৯ সালে শেষ পর। সিরিজটি এতটাই জনপ্রিয় ছিল যে এর থেকে তৈরি হয় দুটি স্পিন অফ। প্রথমটি ছিল ‘ইয়ং শেলডন’। যা ২০১৭ সালে শুরু হওয়ার পর সাত মৌসুম চলে ও ২০২৪ সালে শেষ হয়। আর দ্বিতীয় স্পিন অব হচ্ছে ‘জর্জ অ্যান্ড মিন্ডিস ফার্স্ট ম্যারেজ’। যেটির দ্বিতীয় মৌসুম প্রচারিত হচ্ছে এখন।
‘স্টুয়ার্ট ফেইলস টু সেইভ দ্য ইউনিভার্স’ এইচবিও ম্যাক্সে শুরু হবে জুলাই মাসে। সিরিজের ফার্স্ট লুক টিজার প্রকাশ করেছে এইচবিও ম্যাক্স।
