‘লং ডিসট্যান্স সম্পর্কে’ ফারিণ ও প্রীতম
নির্মাতা শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন তারা।
ওটিটি, ছোট পর্দা এবং সিনেমায় অভিনয়ে ব্যস্ত সময় যাচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। আর প্রীতম হাসান মূলত গানের মানুষ হলেও অভিনয় ও মডেলিংও করেন। এবার অভিনয় ও গানের জগতের দুই মানুষ এক হচ্ছেন এক সিনেমায়।
ফেইসবুকে প্রীতমের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে ফারিণ জানিয়েছেন, নির্মাতা শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামের ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন তারা।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের আওতায় সিনেমাটি বানাচ্ছেন শিহাব শাহীন। সিনেমার মধ্যে দিয়ে ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে ১২ জন নির্মাতাকে নিয়ে কিছুদিন আগে গড়ে তোলা হয় ‘মিনিস্ট্রি অব লাভ’। সেই ১২ নির্মাতার একজন হলেন শাহীন। এই নির্মাতাদের সিনেমাগুলো আসবে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে।
ফারিণের ভাষ্য, কাছের মানুষ দূরে থুইয়া’র গল্পের সঙ্গে নিজের জীবনের কিছু ঘটনার মিল পান তিনি।
কিছুদিন আগে বিয়ে করা ফারিণের স্বামী শেখ রেজওয়ান রিফাদ আহমেদ থাকেন যুক্তরাজ্যে, আর ফারিণ ঢাকায়। আট বছর প্রেমের দীর্ঘ সময় দুজনকে লং ডিসট্যান্স সম্পর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে। আর শাহীনের এই সিনেমার গল্পও ‘লং ডিসট্যান্স’ সম্পর্ক নিয়েই!
শাহীন বলেছেন, ক্যারিয়ারে অসংখ্য প্রেমের গল্প নিয়ে কাজ করছেন, তবে এবারের কাজটি ‘আলাদা’।
“এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়।”
দীর্ঘ ৮ বছর প্রেমের পর গত ১১ অগাস্ট বিয়ে করেন ফারিণ। বিয়ের আনুষ্ঠানিকতা এবং স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা সেরে ফের কাজে ডুবেছেন এই অভিনেত্রী।
গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসানকে বিশেষ দিবসের নাটকে অভিনয় করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় গত কোরবানির ঈদে ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নামের একটি ঈদের নাটকে অভিনয় করেন প্রীতম।
এছাড়ার কোক স্টুডিওর সিজন ২ এর ‘দেওরা’ শিরোনামের মাঝিদের মুখে মুখে ফেরা গান পরিচালনা করে দারুণ আলোচনায় রয়েছেন তিনি।
পুরনো খবর
