‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ প্রীতম!
‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নামের নাটকটিও প্রীতমের লেখা।
বিশেষ দিবসে গায়ক-সুরকার প্রীতম হাসানকে অভিনেতা হিসেবেও দেখেন দর্শক। সেই ধারাবাহিকতায় এবার ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি।
শুধু অভিনয়ই নয়, ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নামের নাটকটিও প্রীতমের লেখা। আর পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
ফেইসবুকে নাটকের একটি পোস্টার শেয়ার করে প্রীতম জানিয়েছেন, গল্প সিরিয়াস হলেও বিনোদনমূলক হিসেবে তুলে ধরা হয়েছে নাটকটি। নাটকটি ঈদে আসছে ইউটিউবে।
নতুন নাটকের খবরে ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন প্রীতমকে। কেউ কেউ প্রীতমকে বলছেন ‘অলরাউন্ডার’।
প্রীতম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নাটকের গল্পের ধারণা নির্মাতা বান্নাহর। তার মুখে গল্প শুনেই প্রতীমের ভালো লেগেছিল। নাটকে প্রীতম ‘মাস্তান’ চরিত্র করেছেন।
প্রীতম বলেন, “নাটকটির গল্প শুনে মনে হয়, কাজটি করতে হবে। পরে আমরা একসঙ্গে কনসেপ্ট ডেভেলপ করি।”
এতে আরও অভিনয় করছেন মাখনুন মাহিমা, সুমন আনোয়ারসহ কয়েকজন।
‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’র কাহিনী
সাজা খেটে জেল থেকে মুক্ত হন এক যুবক। মুক্তির পর ওই যুবক ঠিক করেন, আর তিনি সন্ত্রাসী জীবন কাটাবেন না; সৎভাবে কোনো কাজ করবেন। কিন্তু সৎ থাকতে চাইলেও পরিবেশ তাকে শান্তিতে থাকতে দেয় না। নানা অঘটন আর সমস্যায় পড়তে হয় তাকে।
প্রয়াত গায়ক খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম কিছুদিন আগে ‘কোক স্টুডিও বাংলা’তে ‘দেওরা’ শিরোনামের গান পরিচালনা করে হইচই ফেলে দিয়েছেন। পরিচালনার পাশাপাশি নৌকা বাইচের ওই গানটিতে নতুন কিছু কথা যুক্ত করে সেটি নিজেই গেয়েছেন এই তরুণ।
