১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিজয় দিবসে বিএনপির ‘সার্বজনীন কনসার্ট’, গাইবেন হাদী-জেফাররা

১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্ট শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 04:57 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘সার্বজনীন কনসার্টের’ আয়োজন করেছে বিএনপি। 

এতে গান পরিবেশন করবেন বর্ষীয়ান শিল্পী খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী থেকে শুরু করে হালের গায়িকা জেফার আহমেদ। এছাড়া নগরবাউল, সোলস, শিরোনামহীনসহ আরো কয়েকটি ব্যান্ডেরও পারফর্ম করার কথা রয়েছে।

সার্বজনীন কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আয়োজনের এই ঘোষণা দিয়েছেন মঙ্গলবার।

গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ্যানি বলেন, “গত ১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

‘বিজয় দিবসে’ বিএনপি নতুন প্রত্যাশা নিয়ে জনগণ ও নতুন প্রজন্মের সামনে হাজির হতে চাইছে বলে জানিয়েছেন এ্যানি।  

তিনি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্ট শুরু হবে।

কনসার্টে একক গান গাইবেন, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের পারফর্ম করার কথা রয়েছেন।

আয়োজক সংগঠন নিয়ে এ্যানি বলেন, “’সবার আগে বাংলাদেশ’ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।”

বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদ দিয়ে তিনি বলেন, “দিল্লির আনুগত্য করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই এই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম।”

সংবাদ সম্মেলনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, জাহিদুল ইসলাম রনি, এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।