২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল ‘গঙ্গা-যমুনা’ সাংস্কৃতিক উৎসব

গত ২১ থেকে এই উৎসবের আয়োজন করে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

শেষ হল ‘গঙ্গা-যমুনা’ সাংস্কৃতিক উৎসব

উৎসবের সমাপনী দিনের আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2022, 10:19 PM

Updated : 31 Oct 2022, 10:19 PM

‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২২’ এর ১১ দিনের আয়োজনের যবনিকা পড়ল।

সোমবার সমাপনী দিনে ৫টি মঞ্চনাটক, উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান এবং সমাপনী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা নামে। গত ২১ থেকে এই উৎসবের আয়োজন করেছিল গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

সমাপনী দিনে মুক্তমঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। এদিন মুক্তমঞ্চে পরিবেশিত হয় বাউল গান। জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে দর্শনীর বিনিময় পরিবেশিত হয়- পঞ্চভাস্কর প্রযোজনা গীতিআলেখ্য- বাংলাদেশ, রক্তে ভেজা নাম। স্বনন, ঢাকা- এর প্রযোজনা আবৃত্তি- যুদ্ধ যুদ্ধ।

জাতীয় নাট্যশালায় দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হয় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজনা ‘তপস্বী ও তরঙ্গিনী’। বুদ্ধদেব বসু রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী।

পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যকেন্দ্র প্রযোজনা ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীর রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় এথিক প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’। উৎপল দত্ত রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অপু শহীদ।

নাটক সরণির মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চস্থ হয় কথাকলি, সিলেট প্রযোজনা ‘চের সাইকেল’। মামুনুর রশিদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। সম্মানিত অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, আহম্মেদ গিয়াস, মানজার চৌধুরী সুইট, শেখ মাহফুজুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন গঙ্গ-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ’র সদস্য সচিব আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সঙ্গীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ভারতের চারটি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনীর পাশাপাশি ১৮টি সঙ্গীত আবৃত্তি ও নৃত্যদলের পরিবেশনা মঞ্চস্থ হয়েছে উৎসবে।

এছাড়া এবারের আয়োজনে উন্মুক্ত মঞ্চে পথ নাটক হয়েছে ৯টি। ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সঙ্গীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ১০টি শিশুদলের পাশাপাশি একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশনাও মঞ্চস্থ হয়।

উৎসবের সদস্য সচিব আকতারুজ্জামান বলেন, “মৌলবাদীদের উত্থান ঠেকাতে, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সম্মুখে লড়াই করেছে সংস্কৃতিকর্মীরা। সংস্কৃতির এই মহাশক্তিকে আরও একবার বিপুল জনগোষ্ঠীর সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে আবারো আয়োজিত হয়েছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।”