২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওটিটির পর্দায় যা দেখতে পারেন

এই সপ্তাহেও বলিউড, হলিউডের বেশকিছু সিনেমা আর সিরিজ ওটিটিতে যুক্ত হয়েছে।

ওটিটির পর্দায় যা দেখতে পারেন
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজের পোস্টার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 10:50 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। ওটিটির এই সময়ে সিনেমা দেখা এখন আরো অনেক বেশি সহজ। ঘরে বসে মুঠোফোন বা ল্যাপটপে ওটিটিতে সিরিজ, সিনেমা দেখতে পছন্দ করেন অনেকে। এই সপ্তাহেও বলিউড, হলিউডের বেশকিছু সিনেমা আর সিরিজ ওটিটিতে যুক্ত হয়েছে। 

'সুপাসেল'

'নেটফ্লিক্স'-এর পর্দায় দেখা যাবে ড্রামা সিরিজ 'সুপাসেল'। এতে অভিনয় করেছেন টোসিন কোল, অ্যাডেলেয়ো অ্যাডেদায়ো, ইয়াসমিন মোনেট প্রিন্স, এডি মার্সান এবং নাদিন মিলসসহ অনেকে। সিরিজটিতে দেখা যাবে দক্ষিণ লন্ডনের একদল সাধারণ কৃষ্ণাঙ্গ মানুষের মধ্যে হঠাৎ করে সুপারপাওয়ার তৈরি হয়ে যায়। অপ্রত্যাশিতভাবে পাওয়া সেই পাওয়ার কিভাবে ব্যবহার করে সেই ঘটনার আবর্তনে নির্মিত হয়েছে এই ড্রামা সিরিজটি। এটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন র‌্যাপম্যান। ২৭ জুন থেকে দেখা যাবে সুপাসেল।  

'সিভিল ওয়ার'

চলতি বছরে হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা 'সিভিল ওয়ার'। বড় পর্দায় এটি মুক্তি পেয়েছিল এ বছরের ১২ এপ্রিল। থ্রিলার গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ব্রিটিশ নির্মাতা অ্যালেক্স গারল্যান্ড। গল্পও তার লেখা। সিনেমায় অভিনয় করেছেন কার্স্টেন ডানস্ট, ওয়াগনার মৌরা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, সোনোয়া মিজুনো ও নিক অফারম্যান। সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। আগামী ২৮ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

‘রাউতু কা রাজ’    

নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত ক্রাইম থ্রিলার সিনেমা ‘রাউতু কা রাজ’। আনন্দ সুরাপুর পরিচালিত সিনেমাটিতে আরো আছেন রাজেশ কুমার, অতুল তিওয়ারি। ২৮ জুন থেকে জি ফাইভে দেখা যাবে সিনেমাটি। পুলিশ অফিসার দীপক নেগির ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিনকে। এটি ভারতের উত্তরাখণ্ডের রাউতু কি বেলির মনোরম গ্রামে দৃশ্যায়ন হয়েছে। সিনেমার গল্পে একটি শহরের চারপাশে আবর্তিত হয়েছে যেখানে দেড় দশকেরও বেশি সময় ধরে কোনো হত্যাকাণ্ডের সাক্ষী হয়নি। তবে এক শিক্ষার্থীর মৃত্যু হলে সেই রহস্য ঘিরেই গল্প এগিয়ে যায়। 

'এ ফ্যামিলি অ্যাফেয়ার' 

নেটফ্লিক্সে মুক্তি পাবে 'এ ফ্যামিলি অ্যাফেয়ার'। জুনের ২৮ তারিখ থেকে দেখা যাবে রোমান্টিক, কমেডি ও ড্রামা ধাঁচের এই ওয়েব ফিল্মটি। এটি নির্মাণ করেছেন রিচার্ড লাগ্রাভেনিস। তারকাবহুল ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন নিকোল কিডম্যান, জ্যাক এফ্রোন, জোই কিং, লিজা কোশি, ক্যাথি বেটস ও শার্লি ম্যাকলাইনের মতো তারকা।

'দ্য ওয়ের্লউইন্ড' 

নেটফ্লিক্সে মুক্তি পাবে কোরিয়ান ড্রামা সিরিজ 'দ্য ওয়ের্লউইন্ড'। এটি মুক্তি পাবে জুনের ২৮ তারিখ। সাউথ কোরিয়ান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিরিজটির গল্প সাজানো হয়েছে। এতে অভিনয় করেছেন লি হে-ইয়ং, সল কিয়ং-গু ও কিম হের মতো তারকারা। এটি পরিচালনা করেছেন কিম ইয়ং ওয়ান।