১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুইশ পর্বে নাটক 'সিটি লাইফ'

এই নাটকের সঙ্গে জীবনের মিল পাওয়া যাচ্ছে বলেই দর্শক ‘সিটি লাইফ’ পছন্দ করছে বলে মনে করেন রাজ।

দুইশ পর্বে নাটক 'সিটি লাইফ'
'সিটি লাইফ' নাটকের দৃশ্য। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 10:11 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’ দুইশ পর্বে পা রেখেছে। 

এক ঝাঁক অভিনয়শিল্পী নিয়ে গেল বছরের মে মাসের প্রথমদিন থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এই নাটকের প্রচার শুরু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় 'সিটি লাইফ' প্রচার হয়। বৃহস্পতিবার প্রচারে আসছে এই নাটকের ২০০ তম পর্ব।  

শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু।

‘সিটি লাইফ’ নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীনসহ অনেকে।

নাটকের গল্পে দেখা গেছে, ভালো একটি জীবনের আশায় গ্রামের সম্পত্তি বিক্রি করে তিন সন্তান নিয়ে ঢাকায় থিতু হন মোর্শেদ মাহমুদ ও তার স্ত্রী রেনু। ঢাকায় আসার পর এই দম্পতির তিন সন্তানের স্বভাব দ্রুত বদলাতে থাকে, সংসারে আসে নিত্যনতুন অশান্তি। এসব ঘটনা নিয়ে এই নাটকের গল্প এসেছে দুইশ পর্বে।

পরিচালক রাজু বলেন, “পারিবারিক সুখ-শান্তির প্রেক্ষাপট নিয়েই এই গল্প। যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সন্তানই বখাটে হয়ে যায়। মা-বাবাকে দুশ্চিন্তায় ফেলে। তাদের জন্য সুন্দর সুখের সংসার নষ্ট হয়ে যায়। যেটি এখনকার অনেক পরিবারের নিত্যনৈমিত্তিক ঘটনা।”

এই নাটকের সঙ্গে জীবনের মিল পাওয়া যাচ্ছে বলেই দর্শক ‘সিটি লাইফ’ পছন্দ করছে বলে মনে করেন রাজ।