১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে শাস্ত্রীয় নৃত্যের আসর, বিপার সম্মাননা পেলেন ইমরান

তিন ঘণ্টার আয়োজনে ছিল ভরতনাট্যম, কত্থক, মনিপুরীসহ ধ্রুপদী নৃত্যের এক বৈচিত্র্যময় সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

শাস্ত্রীয় নৃত্যের আসর অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) এই উৎসবের আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে নাচ পরিবেশন করেন বাংলাদেশের নৃত্যশিল্পী এস এম হাসান ইশতিয়াক ইমরান।

তিন ঘণ্টার আয়োজনে ছিল ভরতনাট্যম, কত্থক, মনিপুরীসহ ধ্রুপদী নৃত্যের এক বৈচিত্র্যময় সমাবেশ। তবে অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ইমরানের একক কত্থক পরিবেশনা। 

এ বছর বিপার শিক্ষামূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইমরান। তিনি পরিচালনা করেন মাসব্যাপী নিবিড় শাস্ত্রীয় নৃত্য কর্মশালা; যেখানে শিক্ষার্থীরা  অনুশীলনের মধ্য দিয়ে কৌশল, রেপার্টরি, লয়, তালি, অভিব্যক্তি এবং কথকের মূখ্য বৈশিষ্ট্যগুলোতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছে।

শাস্ত্রীয় নৃত্যে অবদান, পাশাপাশি নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার বিশেষ স্বীকৃতিস্বরূপ বিপার পক্ষ থেকে ইমরানকে সম্মাননা দেওয়া হয়।

বিপার সংগীত শিক্ষক সেলিমা আশরাফ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এই সম্মাননা শুধু একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা নয়- বাংলাদেশের শাস্ত্রীয় নৃত্যের আন্তর্জাতিক অগ্রযাত্রার প্রতীক বলেও জানিয়েছেন আয়োজকেরা।

ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

দেশ-বিদেশে কত্থক নৃত্যের দূত হিসেবে তিনি ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফ্রান্স, সুইজারল্যান্ড ও কোরিয়ার গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন।