১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শিল্পীদের সম্মান সংরক্ষণ করা সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব: অভিনয়শিল্পী সংঘ

সংগঠনটি এমন সময় এই সংবাদ বিজ্ঞপ্তি দিল, যখন হত্যা মামলায় জেলে গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

অভিনয়শিল্পীদের বিরুদ্ধে ‘হয়রানিমূলক গ্রেপ্তার, মামলা ও হামলার’ ঘটনায় উদ্বেগ জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

সোমবার টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, “সমাজ তথা রাষ্ট্রের সেবা ও স্বার্থ সংরক্ষণে অভিনয়শিল্পীরা সর্বদা সোচ্চার ও সচেতন। শুধু তাই নয়, যে কোনো মানবিক প্রয়োজনেও অভিনয়শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। 

“এই শিল্পীদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ করাও সমাজ তথা রাষ্ট্রেরই নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।”

সংগঠনটি এমন সময় এই সংবাদ বিজ্ঞপ্তি দিল, যখন হত্যা মামলায় জেলে গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়া বেশ কয়েকজন অভিনয়শিল্পী আসামি হয়েছেন হত্যা মামলার।

থাইল্যান্ড যাওয়ার সময় রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া।

এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করার সংঘবদ্ধ চলমান অপচেষ্টা বন্ধ হোক। এই ব্যাপারে আমরা সরকারের কাছে ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন কর্মপন্থা প্রত্যাশা করছি।”