Published : 28 Nov 2024, 02:39 PM
গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের সব বাধা ডিঙিয়ে স্বপ্নছোঁয়ার গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ ১ হাজার ২০০ পর্ব পার করেছে।
চার বছর আগে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিলো নাটকটির। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নাটকটির ১২০০তম পর্ব প্রচার হবে।
এক বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, ‘মাশরাফি জুনিয়র’ নাটকটি টিভি ধারাবাহিকের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। শুধু পর্ব সংখ্যা দিয়েই নয়, নাটকটি প্রচারের দিক থেকেও দেশের ‘দীর্ঘতম’ ধারাবাহিক নাটক।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
পরিচালক বলেন, "নাটকটি নির্মাণের সময়েও ভাবনা ছিল না যে ১২০০ পর্ব প্রচার হবে। প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালকে টেনে আনা সহজ কাজ ছিল না। যেখানে বাংলাদেশে সফলভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু দর্শক জনপ্রিয়তা ছিল বলেই বড় ধারাবাহিক করা সম্ভব হয়েছে।"
নাটকে 'মাশরাফি জুনিয়র’ এর মূল চরিত্রে অভিনয় করেছেন সাফানা নমনি। এ নাটকের কারণে মণি নামে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, একে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশা।

নাটকটির গল্পে দেখা যায়, ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছে বন্ধু আর ক্রিকেট দুটোই। মণিকে জাতীয় নারী ক্রিকেট দলে দেখতে দর্শকের যে আকাঙ্ক্ষা, তা আরও দীর্ঘ হয় একের পর এক জটিলতা আর মণির পথচলার সংগ্রামের জন্য।
জুয়াড়িদের চক্রান্ত, বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উৎরে মণি শেষপর্যন্ত লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবে কী না- সেটাই দেখা যাবে এবারের পর্বে।
নাটকটি দীপ্ত টিভির পাশাপাশি প্রচারিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ও তাদের ইউটিউব চ্যানেলে।