২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেটে ভ্যানিটি ভ্যান-জিম, তারকাদের ধুয়ে দিলেন আমির

“প্রযোজক যদি আমার স্টাফদের খরচ দেন, তাহলে কি তিনি আমার সন্তানদের স্কুল ফিও দেবেন?”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 10:10 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ভারতের হিন্দি সিনেমার অনেক তারকা অভিনয় শিল্পীই চড়া পারিশ্রমিক হাঁকানোর পাশাপাশি আলাদা ভ্যানিটি ভ্যান, বা শুটিং সেটে জিম এবং লাইভ কিচেনের ব্যবস্থা চাইছেন। এতে করে প্রযোজকদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এবার এ ধরনের চর্চার তীব্র সমালোচনা করেছেন অভিনেতা আমির খান।

আমির খানের কথায়, ‘এই আচরণ অত্যন্ত লজ্জাজনক’।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, গেম চেঞ্জার্স ইউটিউব চ্যানেলে কোমল নাহতাকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “তারকাদের সম্মান দেওয়া উচিত; কিন্তু সেটা এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যে প্রযোজকেরাই বিপদে পড়ে যান।”

কিছু উদাহরণ টানতে গিয়ে আমির ফিরেছেন ৩৭ বছর আগে, যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। 

আমির বলেছেন, তখন তারকা অভিনেতাদের গাড়িচালক ও সহকারীদের বেতন বহন করতেন প্রযোজক।

প্রযোজকের ওই দায়িত্বটিও আমিরের পছন্দ ছিল না।

তিনি বলেনন, “চালক আমার গাড়ি চালাবেন, অথচ তার বেতন প্রযোজক দেবেন, তা হয় নাকি! প্রযোজক যদি আমার স্টাফদের খরচ দেন, তাহলে কি তিনি আমার সন্তানদের স্কুল ফিও দেবেন? এটা কোথায় গিয়ে থামবে?”

আমির মনে করেন, যা সরাসরি সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট, প্রযোজকদের সেটাই বহন করা উচিত। 

“যেমন মেকআপ, হেয়ার, কস্টিউম। কিন্তু গাড়িচালক, গাড়িচালকের সহকারী বা পার্সোনাল স্টাফ তো অভিনেতা অভিনেত্রীদের কাজ করছে, তাদের বেতন দেওয়া দেওয়ার দায়িত্ব তাদের, প্রযোজকদের নয়। প্রথম দিন থেকেই আমি এই নিয়মে অটল। গত ৩৭ বছরে কোনো প্রযোজককে আমি কখনো এসব খরচ বহন করতে দিইনি।”

এ সময়ের পরিস্থিতি আমিরকে ‘বিস্মিত’ করে বলে জানিয়েছেন আমির।

তিনি বলেন, “আজকের তারকারা নাকি নিজের গাড়িচালকের বেতন পর্যন্ত দেন না, প্রযোজককে দিতে হয়। শুধু তাই নয়, স্পটবয়, ট্রেইনার, কুক, এমনকি সেটে লাইভ কিচেনের খরচও চাপিয়ে দেন প্রযোজকের ওপর।”

বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “টিমের কাছে একাধিক ভ্যানিটি ভ্যান চাওয়া হয়, কারও জন্য জিম, কারও জন্য রান্নাঘর।”

আমির বলেন, “তোমরা কোটি কোটি টাকা আয় করছ, অথচ নিজের খরচ দাও না? এটা খুবই দুঃখজনক। আমি স্পষ্ট বলছি, এটা লজ্জাজনক।”

এ ধরনের চর্চা শিল্পের জন্য ‘ক্ষতিকারক’ বলেও মন্তব্য করেছেন আমির।

আমিরের মতে, একজন অভিনেতার প্রথম দায়িত্ব হল প্রযোজকের ওপর বাড়তি বোঝা না চাপানো। 

“সবাই একসঙ্গে ছবির জন্য কাজ করি। টিম প্লেয়ার হিসেবে সবারই এই সচেতনতা থাকা উচিত।”

আমির বলেছেন, এখনো তিনি যখন পরিবার নিয়ে আউটডোর শুটে যান, নিজেদের সব খরচ তিনি নিজে দেন।