২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী তানিন সুবাহকে বাঁচানো গেল না

"জীবনযুদ্ধে হেরে গেছে তানিন। চিকিৎসক বলেছেন, তানিনের হার্টবিট থেমে গেছে।”

অভিনেত্রী তানিন সুবাহকে বাঁচানো গেল না
তানিন সুবাহ

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

আট দিন তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, সেখান থেকে আর জীবনে ফেরানো গেল না অভিনেত্রী তানিন সুবাহকে। 

মঙ্গলবার সন্ধ্যায় ৭টা ৫৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তানিনকে মৃত ঘোষণা করেন। ৩১ বছর বয়সেই থেমে যায় তার জীবনের ঘড়ি।

তানিনের মৃত্যুর খবর জানিয়ে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি গ্লিটজকে বলেন, "জীবনযুদ্ধে হেরে গেছে তানিন। চিকিৎসক বলেছেন, তানিনের হার্টবিট থেমে গেছে।”

হাসপাতাল থেকে তানিনের মরদেহ মাদারীপুরের কয়ারিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে।

মুক্তি জানান, দুই মেয়েকে রেখে গেলেন তানিন; তাদের একজনের বয়স আড়াই বছর।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিন। প্রথমে তাকে আফতাবনগরে বাসার কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তিনি বাসায়ও ফেরেন।

তানিন সুবাহ

তানিন সুবাহ

কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থতা বোধ করলে তাকে বনশ্রীর একটি হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।

এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয় তানিনকে। সেখানেই গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

অভিনেত্রী তানিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারকারা। অভিনেত্রী শিরিন শীলা লিখেছেন, "তানিন আমাদের ছেড়ে চলে গেছে, ভালো থাকিস।"

তানিনের শেষ সিনেমা 'মায়ার পরী’তে একসঙ্গে কাজ করেছেন অভিনেতা সাইমন সাদিক। সেই সময়ের স্মৃতি মনে করে এই অভিনেতা ফেইসবুকে লিখেছেন, "তোর প্রস্তুতি যে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার, তা আমরা বুঝি নাই! তোর সাথে পরিচয় 'মাটির পরী' সিনেমার শুটিং এর সময়। খুব ভালো মনের মানুষ ছিলি তুই।

"ভালো কাজ করতে চাইতি। তোর সাথে কম সিন থাকায় তুই বলতি,ভাইয়া আমার প্রযোজক থাকলে তুমি আমার সাথে নায়ক হিসাবে কাজ করবা কিন্তু।"

সাইমন লিখেছেন, "আজকে তোর ঐ হাসি মাখা মুখ চোখের সামনে ভেসে উঠল, তোকে জিজ্ঞেস করা হল না কেমন আছিস। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তোকে অনেক শান্তিতে রাখবেন। তোর আত্মার শান্তি কামনা করছি।"

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে বিনোদন অঙ্গণে পা রাখেন৷ এরপর অভিনয় করেন নাটক ও সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়, এরপর আরও কিছু সিনেমা করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায়।

সম্প্রতি সাদেক সিদ্দিকীর পরিচালনায় 'দেনা পাওনা' নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।