১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ ও মুক্তি

শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণা হবে।

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন বাপ্পারাজ ও মুক্তি
বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন অভিনেতা বাপ্পারাজ।    

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। 

বাপ্পারাজ বলেন, “চেয়েছিলাম বাবার (নায়করাজ রাজ্জাক) কবর জিয়ারত করে সুখবরটি সামনে আনব। তার আগেই গণমাধ্যমে চলে এসেছে। 

“তবে এক দিক দিয়ে ভালোই হয়েছে। কারণ, সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সোশাল মিডিয়ায়ও দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।” 

এই অভিনেতা বলেন, “শিল্পীরা চান আমি যেন শিল্পী সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” 

চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। 

বাপ্পারাজ বলেন, “বিগত সময় আমিও কমিটিতে ছিলাম। আনুদিও (আনোয়ারা বেগম) বিগত সময় কমিটিতে ছিলেন। এরই মধ্যে মুক্তিও দায়িত্ব পালন করেছে। আমরা পরবর্তী প্রজন্ম নতুন মেয়াদের নেতৃত্বে শিল্পীদের জন্য কাজ করতে চাই। এরই মধ্যে আমরা বেশকিছু পরিকল্পনা করেছি, শিল্পীরা সুযোগ দিলে তাদের কল্যাণে তা বাস্তবায়ন করব।”

বাপ্পা ও মুক্তি জানিয়েছেন, নবীন-প্রবীণ তারকা শিল্পীরা থাকছেন তাদের প্যানেলে।

গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৬ মেয়াদ। 

গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল ঘোষণার কথা রয়েছে।