২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনীতে জায়গা করে নিল ‘স্পাইস গার্লসের’ পোশাক

‘নাইনটিন নাইনটি সিক্স: থার্টি ইয়ার্স অন’ নামের এই প্রদর্শনী শুরু হয়েছে সিটি অফ লন্ডন করপোরেশনের লাইব্রেরিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 09:55 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

নব্বই দশকের বিখ্যাত ব্রিটিশ পপ ব্যান্ড ‘স্পাইস গার্লসের’ সদস্যদের ব্যবহৃত পোশাকের বিশেষ প্রদর্শনী হচ্ছে লন্ডনে। 

বিবিসি লিখেছে, ‘নাইনটিন নাইনটি সিক্স: থার্টি ইয়ার্স অন’ নামের এই প্রদর্শনী শুরু হয়েছে সিটি অফ লন্ডন করপোরেশনের লাইব্রেরিতে।

প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে স্পাইস গার্লস সদস্য মেল বির লেপার্ড প্রিন্টের পোশাক, জেরি হ্যালওয়েলের ইউনিয়ন জ্যাক নকশার বুট ও এমা বান্টনের পোশাক। এছাড়া ব্রিট পপ ব্যান্ড ‘ওয়েসিস’ এর সদস্য লিয়াম গ্যালাগারের ব্যবহৃত ট্যাম্বুরিন।

লেপার্ড প্রিন্টের ক্যাটসুটটি তিনি পরেছিলেন ১৯৯৭ সালের ব্রিট অ্যাওয়ার্ডসে। 

প্রদর্শনীতে নিজের পোশাকের জায়গা করে নেয়া প্রসঙ্গে স্পাইস গার্লসের অন্যতম সদস্য মেল বি বলেন, “আমার সুন্দরী বেস্ট ফ্রেন্ডদের সঙ্গে মিলে স্পাইস গার্লসের অন্যতম আইকনিক পারফরম্যান্স ছিল এটি। নব্বই দশকে ব্রিট অ্যাওয়ার্ডস তখন জনপ্রিয়তার তুঙ্গে।”

নব্বই দশকে ব্রিটিনের পপ কালচারের অংশ হিসেবে সঙ্গীত, ফুটবল, খাবার, ফ্যাশন ও অন্যান্য আনুষাঙ্গিক নিদর্শন রাখা হয়েছে প্রদর্শনীতে।

১৯৯৬ সালের ব্রিট অ্যাওয়ার্ডস জয়ীদের ট্রফিও রাখা হয়েছে। ওই বছর এই পুরস্কার পেয়েছিলেন অ্যানি লেনো, ওয়েসিস, ডেভিড বাউই ও মাইকেল জ্যাকসন।

প্রদর্শনীর কিউরেটর ডমিনিক মোহান বলেন, “প্রদর্শনীর অন্যান্য আইটেমের সঙ্গে মেল বির ক্যাটসুট, জেরির প্ল্যাটফর্ম বুট, এমা বির পোশাক, লিয়ামের ট্যাম্বুরিন আর ব্রিট অ্যাওয়ার্ডের ট্রফি আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে আমি শিহরিত।”

১৯ সেপ্টেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই প্রদর্শনী।

নব্বই দশকে ব্রিটেনের যে ব্যান্ডগুলো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল তার মধ্যে স্পাইস গার্লস ও ওয়েসিস অন্যতম। ওই দশকের মাঝামাঝি স্পাইস গার্লস হয়ে ওঠে সে সময়ের জনপ্রিয় পপ ব্যান্ড। আর ওয়েসিসের হাত ধরে আবারও জনপ্রিয়তা পায় ‘ব্রিট পপ’ ঘরানা।