২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, লাইটম্যান রবিন হাত হারালেন

সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন রবিন ও হৃদয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

নাটকের দৃশ্যধারণের জন্য ঢাকা থেকে জামালপুরে যাওয়ার পথে ইউনিটের কর্মীদের একটি পিকআপ দুর্ঘটনায় পড়ে টাঙ্গাইলে।

এতে লাইটম্যান, জেনারেটরকর্মী ও চালকসহ সাতজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত লাইট সহকারী রবিনের বাঁ হাত কেটে ফেলতে হয়েছে। 

এই দুর্ঘটনাটি শুক্রবার ঘটলেও সামনে এসেছে সোমবার।

বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনর সভাপতি মো. আবু জাফর অপু গ্লিটজকে বলেছেন, রবিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি গ্লিটজকে বলেন, "জামালপুর যাওয়ার পথে শুটিং ইউনিটের একটা পিকআপ টাঙ্গাইলে অ্যাকসিডেন্ট করে। সেখানে লাইট সহকারী রবিন, শাহাদাত, হৃদয়, পিকআপে ড্রাইভার ইব্রাহীম, জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাকসহ আরও দুজন আহত হয়েছেন। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছেন রবিন ও হৃদয়। রবিনের হাত কেটে ফেলা হয়েছে বলে শুনেছি।"

ইউটিউব চ্যানেল ‘প্রাঙ্ক কিংয়ের’ একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অপু।

তবে এই দুর্ঘটনার পর ‘প্রাঙ্ক কিংয়ের’ প্রতিষ্ঠাতা ও নির্মাতা সজীব আহতদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন অপু৷ 

“দুর্ঘটনার পর সজীবকে ফোনে পাইনি। তার টিমের কাউকে হাসপাতালে পাইনি। একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল একটি দুর্ঘটনায়। পরিচালক দায় না নিক, খোঁজখবর ও চিকিৎসার দায়িত্ব নেওয়া তো তার কর্তব্য। সবাই তো তার কাজেই গিয়েছে। এসবের ব্যবস্থা নেওয়া হয় না বলে আমাদের দুর্ভোগ যায় না।”

অন্যদিকে লাইটম্যান সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহরিয়ার অভিযোগ করে বলেছেন, নিয়ম অনুযায়ী আলাদা গাড়ির ব্যবস্থা না করে পরিচালকের নির্দেশে তাদের জেনারেটরের সঙ্গে একই পিকআপে পাঠানো হয়েছিল। 

শাহরিয়ার বলেন, "আমাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী লাইটম্যানদের আলাদা গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করার কথা থাকে। ৪ সেপ্টেম্বর আমার সহশিল্পীরা পিকআপে উঠতে রাজি হয়নি। কিন্তু পরিচালক সজীবের নির্দেশেই তারা পিকআপে যাত্রা করতে বাধ্য হয়। কোনো দুর্ঘটনা আমাদের জন্য কাম্য নয়। পরিচালক তাদের খোঁজখবর নিচ্ছে না। খরচ দিচ্ছে না। বারবার যোগাযোগের চেষ্টা করলেও উনি সাড়া দেননি।" 

এসব অভিযোগের বিষয়ে জানতে পরিচালক সজীবকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।