২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম কি শৃঙ্খল, না মুক্তির দ্বার? জবাব দেবে নাটক

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দেখা যাবে নাটকটি।

প্রেম কি শৃঙ্খল, না মুক্তির দ্বার? জবাব দেবে নাটক
'প্রেম প্রলোভন দ্বন্দ্ব' নাটকের পোস্টার। ছবি: থিয়েটার স্কুলের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 03:34 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ম্যাক্সিম গোর্কি, আলেকজান্ডার পুশকিন এবং হেনরিক ইবসেনের তিনটি গল্প অবলম্বনে নির্মিত নাটক 'প্রেম প্রলোভন দ্বন্দ্ব' আসছে মঞ্চে।

থিয়েটার স্কুলের ৩৫ তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি।

তানভীর নাহিদ খানের ভাবনা ও নির্দেশনায় রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দেখা যাবে নাটকটি।  

নাটকটি তৈরি হয়েছে মানুষের জীবনের তিন অবিচ্ছেদ্য অংশ প্রেম, প্রলোভন এবং দ্বন্দ্ব নিয়ে। ম্যাক্সিম গোর্কির 'মাকার চুদ্রা', আলেকজান্ডার পুশকিনের 'স্টেশন মাস্টার' গল্প এবং হেনরিক ইবসেনের 'এ ডলস্ হাউস'-এই তিন গল্পের সমন্বয়ে নাটকে উঠে এসেছে জীবনে ঘটমান সহজাত বিষয় কিভাবে মানুষের মনে অভিঘাত তৈরি করে।

ম্যাক্সিম গোর্কির 'মাকার চুদ্রা' গল্পে দেখা যাবে, নোরা তার স্বামী টোরভাল্ডের প্রাণরক্ষায় গোপনে ঋণ নিয়েছিল, রাত জেগে পয়সা জমিয়েছিল। সত্য প্রকাশে টোরভাল্ডের ক্রোধ দেখে তার উপলব্ধি হয়, সেই প্রেম ছিল মুখোশ, সম্মানই তার কাছে মূল।

অন্যদিকে, আলেকজান্ডার পুশকিনের 'স্টেশন মাস্টার' দেখা যাবে, দুনিয়াশা স্টেশন মাস্টারের সরল কন্যা। সেনা অফিসার মিনস্কির প্রলোভনে মোহগ্রস্ত হয়ে বাবাকে অস্বীকার করে। বিলাসিতার স্বপ্নে হারিয়ে দুনিয়াশা বুঝল তার নতুন জীবন কেবলি বিলাসিতায় পূর্ণ এক ফাঁকা প্রাসাদ।

হেনরিক ইবসেনের 'এ ডলস্ হাউস' এ গল্পে দেখা যাবে, রাডা এমন এক চরিত্র যিনি স্বাধীনতার অগ্নিশিখা। প্রেমিক লোইকো সবার সামনে তার পায়ে নত হয়ে ভালোবাসার চরম পরীক্ষা দিতে বলল। তাতে অস্বীকার জানালে লোইকো তার সম্মানকে প্রাধান্য দিয়ে হাতে ছুরি তুলে নিল। আর মৃত্যুর মধ্য দিয়ে রাডা পায় চিরমুক্তি। 

নাটকটি নিয়ে তানভীর নাহিদ খানের ভাষ্য, তিনজন নারী (রাডা, দুনিয়াশা ও নোরা) এর জীবনকথা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। যেখানে নোরা দৃঢ় পায়ে দরজা খুলে বেরিয়ে যায়, নিজের অস্তিত্বের সন্ধানে। আর দুনিয়াশা অনুতাপের অশ্রুতে ডুবে, বাবার কবরে ক্ষমা ভিক্ষা করে। রাডা অনুধাবন করে পুরুষেরা অহংকারের পাহারায় দাঁড়িয়ে নারীদের পুতুল বানায়। তাই যা তোমাকে বেঁধে রাখে তাকে ভাঙো এটাই জীবন।