২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমের মধ্যে চলে গেলেন অনন্যা

এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ধুঁকছিলেন অনন্যা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 05:51 PM

Updated : 16 Sep 2026, 05:10 PM

‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’ ও ‘ঘোস্ট’সহ বেশ কিছু সিনেমার অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর খবর এসেছে। 

অনন্যার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই তিনি মারা যান। এনডিটিভি জানিয়েছে, অনন্যার বয়স হয়েছিল ২৭ বছর।

ভারতীয় এ অভিনেত্রীর মৃত্যুর খবর তার পরিবার প্রকাশ্যে আনে রোরবার। তার ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে পরিবারের তরফ থেকে জানানো হয়, গেল ১৫ জুলাই ভোররাতে ‘ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যু হয়েছে তার’।

গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ধুঁকছিলেন অনন্যা। পরিবারের দাবি, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যোদ্ধার মত লড়াই করেছেন অনন্যা। 

বিবৃতিতে বলা হয়, “অনন্যা ছিলেন দৃঢ়চেতা এক তরুণী। নিজের জীবনকে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচতেন।”

তার অনুপস্থিতি যে পরিবারের কাছে গভীর শূন্যতা তৈরি করেছে, সে কথাও জানানো হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে অনন্যার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে পরিবার। এই কঠিন সময়ে তারা ব্যক্তিগত পরিসর এবং নীরবতা বজায় রাখতে চান বলেও জানিয়েছেন।

অনন্যার বেড়ে জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। হিন্দি, তেলেগু সিনেমার পাশাপাশি একাধিক মিউজ়িক ভিডিওতে দেখা গেছে তাকে। 

২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় শুরু হয় অনন্যার। পরের বছর ‘দ্য ফাইনাল এক্সিট’-এ অভিনয় করেন। ২০১৯ সালের হরর সিনেমা ‘গোস্ট’ অনন্যাকে পরিচিত করে তোলে।