‘ফারুকের দরজা থেকে খালি হাতে ফিরত না কেউ’
ফারুকের বাড়ির দরজা খোলা থাকত গ্রাম থেকে আসা মানুষ, কিংবা হঠাৎ বিপদে পড়া মানুষের জন্য।
সেলুলয়েডের পর্দায় 'মিয়া ভাই' হিসেবে খ্যাতি পাওয়া চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এমন সব গুণের অধিকারী ছিলেন, যা মুগ্ধ করত তার সান্নিধ্যে আসা মানুষদের।
সোমবার নায়ক ফারুকের ৭৭তম জন্মবার্ষিকীতে অভিনেতাকে নিয়ে এই মন্তব্য করেছেন তার সহধর্মিনী ফারহানা পাঠান ফিউরী।
একত্রিশ বছর ধরে এই অভিনেতার সঙ্গে এক ছাদের নিচে বসবাস করার অভিজ্ঞতা থেকে স্বামীকে নিয়ে ফারহানার উপলব্ধি, ফারুক ছিলেন এমন একজন ‘মানবিক’ মানুষ, যিনি ‘মানুষের ভরসা’ হয়ে উঠতে পেরেছিলেন।
ফারহানা বলেন, “তার কাছে কারও আবদার অপূর্ণ থাকত না, খালি হাতে ফেরত যেত হত না কাউকে।”
ফারহানার ভাষ্য, “ফারুক ছিলেন এমন একজন মানুষ যার সংসারে কখনো রান্না হিসাব করে হয়নি। সকালের নাস্তা থেকে দুপুরের খাবার, তার বাড়ির দরজা খোলা থাকত গ্রাম থেকে আসা মানুষ, কিংবা হঠাৎ বিপদে পড়া মানুষের জন্য।”
নায়কের কাজ ও ব্যক্তি জীবন নিয়ে জানতে উত্তরায় ফারুকের বাসায় এক দুপুরে হাজির হয় গ্লিটজ।
তিনতলা বাড়ির একটি ফ্ল্যাটের দরজা খুলতেই চোখ পড়ে নায়ক ফারুকের বড় একটা ছবি দেয়ালে টানানো। দুবছর হল ফারুক নেই, কিন্তু বসার ঘর জুড়ে দেয়ালের একের পর এক ছবি কেবল ফারুকের কথাই বলছে।
গ্লিটজ টিমের সঙ্গে কুশলাদি বিনিময় করে ফারহানা হেঁটে হেঁটে পুরো বাসা ঘুরে দেখান। সে সময় তিনি শুনিয়েছেন সিনেমার-পারিবারিক স্থিরচিত্রগুলোর পেছনের গল্প। সেসব গল্প থেকে এক অজানা ফারুককে আবিষ্কার করা হয়।
ফারহানার কথায় ফারুক ছিলেন সাদামাটা, দয়ালু এবং উদার হৃদয়ের একজন মানুষ। তাদের দীর্ঘ পথচলায় ফারুকের সবচেয়ে বড় যে গুণ তাকে মুগ্ধ করে তা হল মানুষের প্রতি অভিনেদার অগাধ মায়া।
“আমার বিয়ে হয়েছে ১৯৯২ সালে, বিয়ের পর থেকে ২০২১ সাল পর্যন্ত যতদিন ফারুক সুস্থ ছিল আমার বাসায় কখনো রান্না হিসাব করে হত না। সকালের নাস্তা হোক কিংবা দুপুরের খাবার। ফারুকের কাছে মানুষ আসতেই থাকত। আসছে, খাচ্ছে। গ্রাম থেকে মানুষজন আসত, আবদার নিয়ে আসত ফারুক চেষ্টা করত সবার জন্য কিছু করতে। কাউকে খালি হাতে ফেরাত না।”
মানুষের পাশে ফারুক কীভাবে দাঁড়িয়েছেন তা নিয়ে ফারহানা বলেন, "ফারুককে দেখতাম, সাত সকালে বাড়ির বৈঠকখানায় গিয়ে বসত, কেউ গাজীপুর থেকে এসেছে, কেউ আরও দূর থেকে। কারো মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা দরকার, কারো চিকিৎসার জন্য। কেউ কোনো দাবি নিয়ে এসেছেন। এই মানুষটা যে কী সুন্দর করে সবাইকে বুঝিয়ে ম্যানেজ করতেন।
“তার যদি ১০ টাকা থাকত, সে ২ টাকা মানুষকে দিয়ে দিত। শুধু নিজের গ্রামের মানুষ নয়, যে যেভাবে সাহায্য চাইত, ফারুক চেষ্টা করত সাধ্যমত সাহায্য করতে। আমার বাসা থেকে কেউ খালি হাতে যেত না।”
ফারকের বারিধারায় ফ্ল্যাট ছিল, কিন্তু তিনি সেখানে থাকতে চাইতেন না। কারণ জানিয়ে ফারহানা বলেন, “আমাদের বারিধারার বাসাটায় ফারুক কখনো থাকতে চাইত না, কারণ সেখানে গ্রামের মানুষজন ঢুকতে পারত না। যত দিন যাচ্ছে আমরাও টের পাচ্ছি আমরা কী একজন মানুষ হারিয়েছি।"
সিনেমা, সংগঠন, ব্যবসা কিংবা নানা ব্যস্ততার মাঝেও পরিবারের বাজার-সদাই থেকে শুরু করে সন্তানদের খোঁজখবর সবকিছুর প্রতি ফারুকের নজর ছিল বলে জানিয়েছেন ফারহানা।
ফারুককে একজন ‘পরিবারকেন্দ্রিক’ মানুষ বললেন ফারহানা।
“সে সিনেমার কাজ করছে, সংগঠন নিয়ে ব্যস্ত আছে, ঢাকার বাইরে যাচ্ছে। এসব যেমন করেছে তেমনি বাসার বাজার করছে, আমার কী প্রয়োজন, সন্তানদের কী প্রয়োজন সবকিছু তার খেয়ালে ছিল। মানুষটা সবদিক থেকে খুব ব্যালেন্স করে সুন্দর করে চলত।"
ফারহানা বলেন, ফারুকের চলে যাওয়ার পর এখনো স্বাভাবিক হতে পারেনি তাদের জীবন।
ফারহানার ভাষ্য, "আমরা ভাবতে চাই না যে ফারুক আমাদের সাথে নেই। একটা ঘটনা বলি, ওয়ারড্রবে ফারুকের একটা ব্লেজার রাখা আছে। সেই ব্লেজারের পকেটে আমি টাকা রাখি। আমার ছেলে মেয়েদের যখন কোন কিছু প্রয়োজন হয় তখন বলি 'বাবার পকেট থেকে নাও'। ওর ব্যবহারের সব কিছুই আমার কাছে যত্নে রাখা। মানুষ বলে কেউ চলে গেলে যতদিন যায় জিনিসটা নাকি সহজ হয়ে আসে, হালকা হয়ে আসে। আর আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে ফারুকের প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। কষ্ট আরো বাড়ছে।"
রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০২১ সারে ভর্তি হত ফারুক, চিকিৎসা চলে দীর্ঘদিন ধরে। সেখান থেকে আর দেশে ফেরা হয়নি এই অভিনেতার।
হাসপাতালের একটি কেবিনে ফারুককে নিয়ে প্রায় আড়াই বছরের মত থেকেছেন স্ত্রী ফারহানা।
অভিনেতার অসুস্থতার সময়টা কেমন ছিল জানতে চাইলে ফারহানা বলেন, "সিঙ্গাপুরে ও যখন অসুস্থ ছিল আমি ওর যত্ন নিতাম, তখন ও শুধু আমাকে একটা কথাই বলত ফিউরী আমি সুস্থ হয়ে তোমার জন্য করব। হসপিটালে আমরা ওকে একটা বাচ্চার মত রাখতাম। এত বছরের সংসার জীবনে সিঙ্গাপুরের কাটানো হাসপাতালের আড়াই বছর ছিল ওর সঙ্গে কাটানো আমার সেরা মুহূর্ত। সেখানে যেরকম কঠিন সময় কাটিয়েছে, তেমন সুন্দর মুহূর্তও কাটিয়েছি।
"ঢাকাতে সে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকত, আমরা সারাদিন শেষে রাতের সময় টা অপেক্ষা করতাম। কখন ফারুক ফিরবে কখন তার সময় পাব। আর সেখানে তার পুরোটা সময় আমি দেখাশোনা করেছি। হাসপাতালের একটা কেবিনে দীর্ঘ আড়াই বছর থেকেছি, একটা রুমে তাকে যত্ন করা, ভালোবাসা, ভালোরাখা। আমি এতে কোনো অধৈর্য্য হয়ে উঠেনি, আমার কোনো ক্লান্তি লাগেনি। তাই এটা আমার জীবনে সেরা মুহুর্ত।"
ফারুকের কোন সিনেমা বেশি দেখা হয়?
ফারহানা বলেন, ফারুকের সঙ্গে তার বেশিরভাগ সিনেমা দেখা হয়েছে সিঙ্গাপুরে বসে।
“'সারেং বৌ', 'সুজন সখী', 'নয়নমণি' ,'গোলাপি এখন ট্রেনে' সিনেমায় তার অভিনয় দেখে মনে হত তার এত গুণ, সে মাটির মানুষ ছিল বলেই তার এই চরিত্রগুলো বাস্তবধর্মী ছিল, মাটির সঙ্গে মিশে অভিনয় গুলো করেছে। আর এখন সব থেকে বেশি শুনি তার কণ্ঠে ' ওরে নীল দরিয়া' গানটি। এখন যখন গানটা শুনি তখন শুধু মনে হয় এই গানটা আমার জন্য লেখা। প্রতিটা কথা আমার ভেতরে গেঁথে থাকে। এই গানটা আমাদের বাসায় যে কতবার বাজানো হয়, কতবার যে আমরা শুনি সেটা হিসাব করা যাবে না।”
ফারুকের ভক্তদের উদ্দেশ্যে স্ত্রী ফারহানা বলেন, "আমরা ভালো আছি, সুস্থ আছি। ফারুককে যেরকম সবাই অনেক বেশি ভালবাসত, আজীবন ফারুকের সেই ভালোবাসাটাই আমরা চাই।”
১৯৪৮ সালের ১৮ অগাস্টে গাজীপুরের কালীগঞ্জে জন্মেছিলেন ফারুক, আর বেড়ে ওঠেন পুরান ঢাকায়। পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। দেশ বাঁচাতে মুক্তিযুদ্ধে ধরছিলেন অস্ত্রও।
তবে মুক্তিযুদ্ধের আগেই সিনেমায় নাম লিখিয়েছিলেন এই নায়ক; ‘জলছবি’ নামের সেই সিনেমা মুক্তি পায় একাত্তরে। প্রথম সিনেমাতেও তার নায়িকা ‘সারেং বউ’ কবরী। যে জুটি আজও স্মৃতিতে উজ্জ্বল ‘সুজনসখী’ নামে।
ক্যারিয়ারে প্রথম থেকে ফারুক নজর কেড়েছিলেন নির্মাতা খান আতাউর রহমানের। যার হাত ধরে একটু একটু করে এগিয়েছিলেন তিনি। এরপর আমজাদ হোসেন, নারায়ণ ঘোষ মিতা, প্রমোদ করের মত পরিচালকরা তাদের সিনেমায় বেছে নেন ফারুককে।
'সারেং বউ', 'লাঠিয়াল', 'নয়নমণি', 'গোলাপী এখন ট্রেনে', 'দিন যায় কথা থাকে', 'জনতা এক্সপ্রেস', 'সাহেব', 'মিয়াভাই', 'নাগরদোলা', 'সুজনসখী', 'ঘরজামাই', 'ভাইভাই', 'বিরাজবৌ' এর মত চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য জায়গায় নিজেকে নিয়ে যান খ্যাতিমান এই অভিনেতা।
ফারুক-কবরী, ফারুক-ববিতা জুটি সময়ে সাথে সাথে পাকাপোক্ত জায়গা করে নেয় দর্শক মনে। বিশেষ করে ববিতা-ফারুক জুটিই ছিল সবচেয়ে জনপ্রিয়।
এছাড়া শাবানা, রোজিনা, সুচরিতা, অঞ্জু ঘোষ, অঞ্জনাও ফারুকের নায়িকা হয়েছেন বিভিন্ন সিনেমায়।
মুক্তিযুদ্ধের দুই সিনেমা ‘আবার তোরা মানুষ হ’ এবং আলোর মিছিল’-এ ফারুক মূল ভূমিকায় না থাকলেও প্রেক্ষাপট বিবেচনায় এই দুটি কাজকে তার টার্নিং পয়েন্ট ধরা হয়।
তবে কবরীকে নায়িকা করে ‘সাংরেং বউ’, আর ‘সুজনসখী’ সিনেমা ফারুকের ক্যারিয়ের মোড় ঘুড়িয়ে দেয়।
‘লাঠিয়াল’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের জন্য ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান ফারুক। এছাড়া চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য ২০১৬ সালে এই অভিনেতাকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
