২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৌতম ঘোষের সিনেমা আসছে এক দশক পর

চলতি বছরে মুক্তি পাবে গৌতমের ‘রাহাগীর’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

‘পদ্মানদীর মাঝি’ ও ‘মনের মানুষ’ বানিয়ে খ্যাতি কুড়ানো পশ্চিমবঙ্গের পরিচালক গৌতম ঘোষের কোনো সিনেমা আসেনি দীর্ঘদিন ধরে। অবশেষে এই নির্মাতার কাজ আসছে।

এই ফেরায় তিনি সময় নিয়েছেন দীর্ঘ এক দশক। চলতি বছরে মুক্তি পাবে গৌতমের ‘রাহাগীর’ নামের একটি সিনেমা। 

কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়কে’ গৌতম বলেন, “ভাবতেই পারছি না, দশ বছর পর আমার সিনেমা রিলিজ করছে। এর মধ্যে প্রচুর কাজ করেছি, সব সামনে আসেনি। আমার করা শেষ মুক্তিপ্রাপ্ত ফিচার ফিল্ম ‘শঙ্খচিল’।”

‘রাহাগীর’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে ঝাড়খণ্ডে। পরের বছর মুক্তির কথা থাকলেও কোভিড মহামারীর কারণে কাজ পিছিয়ে যায়।

সিনেমার শুরুর গল্পে গৌতম বলেন, “প্রফুল্ল রায়ের একটা গল্প পড়েছিলাম ‘বর্ষায় একদিন’। আমার মনে হল এটা খুব মানবিক গল্প। কারণ এখন মানবিক দিক চলে যাচ্ছে মানুষের মধ্যে থেকে।”

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হোসেন, তিলোত্তমা সোম আর নীরজ কবি।

হিন্দি, ইংরেজি এবং ইতালিয়ান এই তিন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমা পরিচালনা করে গৌতম ঘোষ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরিচালনার বাইরে অভিনয়েও কম পদচারণা নেই এই নির্মাতার।