Published : 26 Feb 2026, 11:17 AM
একটি সিনেমার আবহ সংগীতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী বাবনা করিম। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনাও করেছেন ওয়ারফেজ ব্যান্ডের এই অন্যতম সদস্য। সিনেমার নাম 'রবি ইন ঢাকা'।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব সালেহীন। গ্লিটজকে তিনি জানিয়েছেন, গানটির রেকর্ডিং এখনো হয়নি, তবে শিগগিরই কাজটি করা হবে।
গানটি নিয়ে রাজীব গ্লিটজকে বলেন, "'রবি ইন ঢাকা' সিনেমার দৃশ্যধারণ শেষ, সম্পাদনার কাজ চলছে। গানটির আবহ সংগীতে যুক্ত হয়েছেন বাবনা করিম। আমরা উনাকে সিনেমার চিত্রনাট্য ও গল্পটা শেয়ার করি। সেটা পছন্দ করেই তিনি গানের কথা লিখেছেন।
“ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকেই ওয়ারফেজ ব্যান্ডের বড় ভক্ত, তাই বাবনা করিমের সঙ্গে এই সিনেমায় কাজ করা আমার জন্য আনন্দের একটি বিষয়।"
নাজমুল শেখের গল্প ও চিত্রনাট্যে 'রবি ইন ঢাকা' সিনেমায় অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, আজাদ আবুল কালামসহ অনেকে। এটি অভিনেত্রী রিচির প্রথম সিনেমা।
সিনেমার গানে বাবনা করিমের যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তানজিকা আমিন।
ফেইসবুক এক পোস্টে তিনি লিখেছেন, "আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের আসন্ন সিনেমা 'রবি ইন ঢাকার' সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের 'অবাক ভালোবাসা', 'যখন', 'মা' এর মত বিখ্যাত গানের স্রষ্টা এবং বাংলা রকের আমাদের শৈশব কৈশোরের অন্যতম হিরো বাবনা করিম ভাই। বাবনা ভাই এর কাছে আমরা কৃতজ্ঞ। নিশ্চয়ই গানটি যখন প্রকাশ্যে আসবে আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও আবেশিত হবেন।"
সিনেমার গল্প নিয়ে রাজীব বলেন, "এটি মূলত ঢাকা শহরের মানুষের জীবনযাত্রা, তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি বন্ধন এবং নিজেকে নতুন করে চেনা বা জানার একটি মানবিক গল্প।"
'রবি ইন ঢাকা' দুই ঈদের মাঝামাঝি কোনো একটি সুবিধাজনক সময়ে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।