২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষাটে প্রেম, আমিরের কাছে অপ্রত্যাশিত

“মনে হত আর কারও সঙ্গে জীবনের সঙ্গী হিসেবে নিজেকে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 04:09 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছিলেন বলিউডি অভিনেতা আমির খান। এর নয় মাস পর তিনি বললেন, ৬০ বছর বয়সে যে ফের তিনি প্রেমের দেখা পাবেন, সেটা ছিল তার ভাবনার অতীত।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন আমির। ক্যারিয়ারের কিছু বিষয় নিয়েও সেদিন কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

আমিরের কথায়, “গৌরী তার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছে। সত্যিই অসাধারণ মানুষ সে। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে আমার দেখা হয়েছিল।”

নিজের দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক নিয়েও আমির কথা বলেন অনুষ্ঠানে। 

প্রথম স্ত্রী রীনাকে একজন ‘অসাধারণ মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন আমার। তিনি বলেছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে তারা আলাদা হয়েছেন ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তাদের মধ্যে ভাঙন ধরনি।

দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে সম্পর্ক নিয়েও একই ধরনের ভাবনা ভাবেন আমিরের। 

“আমরা বিবাহবন্ধন থেকে আমরা সরে এসেছি। কিন্তু সম্পর্ক আলাদা হয়নি। রীনা ও কার বাবা-মা, কিরণ ও তার বাবা-মা এবং আমার মাসহ আমরা আসলে একটা বড় পরিবার।

সঞ্চালকের প্রশ্ন ছিল, আমির কখনো কি ভেবেছিলেন যে ফের তিনি কারো সঙ্গে সম্পর্কে জড়াবেন?

আমিরের উত্তর, “নাতো ভাবিনি। আমি এমন একটা পর্যায়ে পৌঁছেছিলাম, মনে হত আর কারও সঙ্গে জীবনের সঙ্গী হিসেবে নিজেকে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না। জীবনে অপ্রত্যাশিতভাবে গৌরীকে পেয়েছি।”

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।

২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে আমির-কিরণের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন।

২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। তবে প্রেম-বিয়ে-সংসার চুকেবুকে বিচ্ছেদ হয়ে গেলেও সিনেমাই দুজনকে এক কাতারে বেঁধে রেখেছে। কিরণের লাপাতা লেডিস সিনেমার প্রযোজক ছিলেন আমির।

বিচ্ছেদ হলেও তারা যে সত্যি 'পরিবারের মত', সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।

এছাড়া সিনেমা সংশ্লিষ্ট মুম্বাইয়ের নানা অনুষ্ঠানে আমির-কিরণের যুগল উপস্থিতি স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে।

এরপর কিছুদিন শোনা গেল ফাতিমা সানা শেষের সঙ্গে আমির তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এরপর গৌরীর নাম প্রকাশ হওয়ায় সেই গুঞ্জন পুরোপুরি থেমে গেছে।

বেঙ্গালুরুর নারীর সঙ্গে আমিরের সম্পর্ক কী?

গুঞ্জন সত্যি, গৌরীর সাথে প্রেম করছেন আমির

আমিরের প্রেমিকা কে এই গৌরী স্প্র্যাট?