পাঁচ বন্ধুর এক রাতের অ্যাডভেঞ্চারের গল্পে ‘ফাইভ গো ওয়াইল্ড’
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে নাটকটি।
ব্যাচেলর পার্টি করতে গিয়ে ভয়াবহ একটি ঘটনা থেকে পাঁচ বন্ধুর বেঁচে ফেরার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘ফাইভ গো ওয়াইল্ড’।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শনিবার আসছে নাটকটি। ফাইভ গো ওয়াইল্ড নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর; রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ।
এতে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম।
কিন্তু কীভাবে এসব হল, কিছুই বুঝতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন, পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যায়, রহস্য যেন ততই ঘনীভূত হয়।
বিজ্ঞপ্তিতে পরিচালক রাহাত কবির বলেন, "নাটকটি তৈরি হয়েছে কমেডি সাসপেন্স ঘরানায়। দর্শক নাটকটি দেখে যেমন মজা পাবেন, তেমনি অধীর হয়ে থাকবেন কী ঘটেছিল পাঁচ বন্ধুর সঙ্গে, তা জানার জন্য। প্রত্যেক অভিনেতা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রগুলো ফুটিয়ে তোলার। নির্মাতা হিসেবে আমি খুশি।”
নাটকটি এই সময়ের দর্শকদের মন জয় করে নেবে বলে মনে করেন পরিচালক।
