Published : 27 Aug 2025, 12:21 AM
কবিতা পাঠ, আবহসঙ্গীত ও কোরিওগ্রাফি উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘স্ট্যান্ডআপ পোয়েট্রি’ প্ল্যাটফর্ম— শব্দায়ন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ‘গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশের’ মিলনায়তনে এ অনুষ্ঠান হয় বলে প্ল্যাটফর্মের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে অভিনেতা ও আবৃত্তিশিল্পী আফজাল হোসেন, কবি মিঠুন রাকসাম, পিয়াস মজিদ ও শিবু কুমার শীল অংশ নেন।
আরও অংশ নেন আফাজ উদ্দিন কবিরাজ, টিটো মুন্সী, রিংকু রাহী, থিওটোনিয়াস গমেজ, মনিরুল মনির, শিবু কুমার শীল, শাহ্নাজ মুন্নী, ফ্র্যাঙ্ক ভের্নার, উম্মে রায়হানা, টোকন ঠাকুর ও নিশাত জাহান রানা।
এই আয়োজনে ধ্রুপদী ও সমকালীন বাংলা ভাষার কবিতার পাশাপাশি মান্দি, ইংরেজি ও জার্মান ভাষায় কবিতা পাঠের সাথে আবহসঙ্গীত ও কনটেম্পোরারি কোরিওগ্রাফি উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদাব হাশমি ও মারিয়া ফারিহ্ উপমা।
ম্যাশ-মাহবুব কোরিওগ্রাফি দল কনটেম্পোরারি নাচ পরিবেশন করেন। আবহসঙ্গীত পরিবেশনায় ছিলেন শিল্পী শিবু কুমার শীল ও তার দল।
অতঃপর শব্দায়নের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ভিশনারি অফিসার (সিভিও) যোবায়ের শাওন বলেন, "এই উদ্যোগটি দেশের আটটি বিভাগে পর্যায়ক্রমে আয়োজন করা হবে।"
"উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রতিটি কবিতা পাঠের অডিও-ভিজ্যুয়াল আয়োজক ও সহযোগিদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমূহে প্রচার করা হবে।"
এই উদ্যোগটির বাস্তবায়ন সহযোগী গোয়েথে-ইন্সটিটিউট বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতায় আছে ইউসিএসআই ইউনিভার্সিটি। ব্র্যান্ডিং পার্টনার হিসেবে আছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।