Published : 23 Aug 2026, 03:30 PM
ভারতের কাবাডি টুর্নামেন্ট ‘প্রো কাবাডি লিগ’র প্রথম মৌসুমের আগে ‘জয়পুর লিগ’ কিনে নিয়েছিলেন বলিউডের অভিনেতা অভিষেক বচ্চন। কিন্তু এত শহর থাকতে জয়পুরকেই কেন বেছে নিয়েছিলেন তিনি?
এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ে এক পডকাস্টে সেই উত্তর দিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, তার প্রথম সিনেমার একটি অংশের শুটিং হয়েছিল জয়পুরে। তবে কেবল তাই নয়, এই শহরেই ঐশ্বরিয়ার সঙ্গে তার প্রেমের শুরু।
২০০০ সালে ‘রিফিউজি’ থেকে বলিউডে সফর শুরু হয় বচ্চনপুত্র অভিষেকের। সিনেমাটির মূল শুটিং হয়েছিল গুজরাটের কচ্ছ এলাকায়। তবে শুরুতে জয়পুর এবং পরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সিনেমার কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছিল।
অভিষেক বলেন, “এই শহরের সঙ্গে আমার কত যে আবেগ! আমার প্রথম সিনেমার শুটিংয়ের কাজ জয়পুরে। আমার স্ত্রীর সঙ্গে প্রণয়ের শুরুও সেখানে। তাই শহরটিকে শুভ বলে মনে হয়।”
কাবাডি ম্যাচে শহর নির্বাচনের ক্ষেত্রেই নয়, দলের নামকরণের মধ্যেও একটি বিশেষ ব্যাপার দেখেন অভিষেক।
তিনি বলেন, “‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’-এর পেছনে আরেকটি ঘটনা ছিল। আমার মেয়ে আরাধিয়ার প্রিয় রং গোলাপি। তাই মেয়ের পছন্দের কথা মাথায় রেখেই দলের এই নাম রেখেছিলাম।”
২০০০ সালের শুরুর দিকে প্রয়াত পরিচালক রাজ কানওয়ারের ‘ধাই অক্ষর প্রেম কে’ সিনেমায় সেটে প্রথম আলাপ হয় অভিষেক ও ঐশ্বরিয়ার। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেন তারা। অভিষেক-ঐশ্বরিয়ার একটিই মেয়ে, আরাধিয়া বচ্চন।
গেল কয়েক বছর ধরে বিচ্ছেদের নানা গুঞ্জন শোনা গেলেও এই জুটি তা উড়িয়ে দিয়েছেন। ‘সাংসারিক দ্বন্দ্বে’ দুবছর ধরে ঐশ্বরিয়া বচ্চনদের বাড়িতে না থাকলেও বিয়েটা টিকিয়ে রেখেছেন তারা দুজনেই।
ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে গুরু’, ‘ধুম ২’, ‘কুচ না কাহো’, ‘রাবণ’, ‘ধাই অক্ষর প্রেম কে’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।