Published : 22 Jul 2025, 08:58 PM
‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ হলিউডে একের পর এক ‘ব্লকবাস্টার হিট’ সিনেমা উপহার দেওয়া পরিচালক জেমস ক্যামেরনকে পাওয়া গেছে অস্কার জয়ী পপ তারকা বিলি আইলিশের কনসার্টে।
আইলিশ বলেছেন, অস্কার জয়ী তারকা পরিচালকের সঙ্গে তিনি একটি কাজ করছেন।
সেটি হতে পারে ‘কনসার্ট ফিল্ম বা তথ্যচিত্র’, যে কাজটি দেখা যাবে থ্রিডিতে।
ম্যানচেস্টারে গেল শনিবারের কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা বিলি আইলিশ প্রকাশ করেন বলে লিখেছে ভ্যারাইটি।
ক্যামেরনের সঙ্গে এই প্রথম কোনো কাজ করতে চলেছেন এই পপ তারকা। তাই এই খবরটি ভক্তদের জানাতে নাটকীয়তার আশ্রয় নিয়েছেন তিনি।
সেদিন কনসার্টের মাঝপথে গান থামিয়ে আইলিশ শ্রোতাদের উদ্দেশে বলেন, “আপনারা হয়ত খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা।”
এ কথায় শ্রোতারা এদিক ওদিক তাকানো শুরু করলে আইলিশ বলেন, “এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলা যায়, আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।”
গায়িকার মুখে এ খবর শুনে আনন্দে চিৎকার করে ওঠেন শ্রোতারা।
আইলিশ বলেন, “গান শুনতে ম্যানচেস্টারের এই চার কনসার্টে যারা এসেছেন তারা সবাই সেই কাজের অংশ হয়ে যাবেন। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন।”
নিজের পোশাকের প্রতি ঈঙ্গিত করে আইলিশ বলেন, “আপনার কিছু মনে করবেন না প্লিজ, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।”
ক্যামেরনের পরিচালনায় আইলিশ কি ধরনের কাজ করবেন সেটি বিস্তারিত না জানিয়ে ক্যামেরন বলেন, “ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে। ঠিক বলতে পারছি না।”
গত বছরের সেপ্টেম্বর থেকে ওয়ার্ল্ড ট্যুর করছেন আইলিশ। আইলিশের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ এর প্রকাশ উপলক্ষে এই সফর করছেন গায়িকা।
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ১০৬টি কনসার্টে গান শোনানোর কথা রয়েছে আইলিশের। এর মধ্যে যুক্তরাজ্যের শো গুরুত্ব দিচ্ছেন আইলিশ।
শনিবার থেকে শুরু হয়েছে এ ট্যুরের ম্যানচেস্টার পর্ব।
সংগীতের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড আইলিশের হাতে আসে মাহামারীর প্রথম বছর ২০২০ সালে। এই গায়িকা তখন সদ্য ১৮ পার হওয়া তরুণী।
এবার আইলিশ অস্কার জয় করেছেন আলোচিত ‘বার্বি’ সিনেমার হোয়াট ওয়াজ আই মেইড ফর’ গানের জন্য। বলা যায়, আইলিশের হাত ধরে অস্কার মঞ্চে মানসম্মান কিছুটা রক্ষা হয় ‘বার্বি’ সিনেমার