১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘স্পর্ধার’ নাট্যোৎসব

তিন পর্বে প্রায় দেড় মাস এ নাট্যোৎসব হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

প্রদর্শনী, কর্মশালা ও বাহাসসহ নানা আয়োজনে নাট্যোৎসব করতে যাচ্ছে ‘স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেকটিভ’।

নাট্যদলটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ সোহেল রানা বলছেন, ‘পূর্ব রঙ্গ’, ‘উত্তাল তরঙ্গ’ ও ‘অন্তিম ভাটি’ নামে তিন পর্বে আগামী ৮ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহেল বলেন, “আমরা পুরো উৎসবের সূচি, ভেন্যু চূড়ান্ত করে বিস্তারিত জানাব। এখনও নানা রকম পরিকল্পনা হচ্ছে এবং উৎসবের প্রস্তুতি চলমান।”

‘পূর্ব রঙ্গ’ অনুষ্ঠিত হবে ৮ থেকে ৩০ অগাস্ট, যেখানে থাকবে স্পর্ধার তরুণ সদস্যদের পরিচালনায় পাঁচটি কর্মশালা।

‘উত্তাল তরঙ্গ’ অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৩ সেপ্টেম্বর। এ পর্বে থাকবে সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত দুটি নাটকের প্রদর্শনী, ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের নতুন সংস্করণের চারটি প্রদর্শনী, ‘বিস্ময়কর সবকিছু’ নাটকের একটি প্রদর্শনী এবং মহসিনা আক্তারের নির্দেশনায় ‘তবুও জেগে উঠি’ নাটকের তিনটি প্রদর্শনী হবে। এ ছাড়া চারটি কর্মশালা এবং একটি বাহাস অনুষ্ঠান থাকবে।

‘অন্তিম ভাটি’ বা উৎসবের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর। এতে থাকবে ‘ট্রেকিং অভিজ্ঞতাজাত প্যারাথিয়েটার’, যা অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে দুর্গম কোনো অঞ্চলে।

২০১৮ সালের ১২ সেপ্টেম্বর গঠিত হয় নাট্যদল স্পর্ধা। জামিল আহমেদের নির্দেশনায় শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে আনে নাট্যদলটি। দলটির অন্য নাট্য প্রযোজনার মধ্যে রয়েছে ‘বিস্ময়কর সবকিছু’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘তবুও জেগে উঠি’।