ট্রামের গতি যদি ধীর হয়, আরজি কর তদন্তে গতি কই? প্রশ্ন মীরের
দেড়শ বছরের পুরনো এই বাহন বন্ধ করে দেওয়া আর বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া মীরের কাছে সমতুল্য।
কলকাতার সড়ক থেকে ঐতিহ্যবাহী ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত মেনে না নেওয়াদের দলের একজন বাচিকশিল্পী ও অভিনেতা মীর আফসার আলী।
মীরের প্রশ্ন হল ‘মন্থর গতির অজুহাতে’ যদি কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আরজি কর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যা মামলা তদন্তের ‘ধীর গতি’ নিয়ে কথা উঠছে না কেন!
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে মীর বলেন, “যারা ট্রামের মন্থর গতির অজুহাত দিচ্ছেন তাদেরই দেশে, এক চিকিৎসকের বিচারের অপেক্ষায় মানুষ চাতকের মত চেয়ে আছেন। সেখানেও তো ‘স্লো ইজ় দ্য ম্যাজিক ওয়ার্ড’। “
দেড়শ বছরের পুরনো এই বাহন বন্ধ করে দেওয়া আর বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া মীরের কাছে সমতুল্য।
মীর মনে করেন, ট্রাম কলকাতা শহরের পরিচয় বহন করে। যা প্রজন্মের পর প্রজন্মের মানুষের শৈশবের সঙ্গে জড়িত।
মীর বলেন, “ট্রাম মন্থর গতিতে চলে ঠিকই। কিন্তু তা হলে তো বাড়িতে পড়ে থাকা পুরনো জিনিসও জঞ্জালে ফেলে দিতে হয়। আরও ভালো ভাবে বললে, এই সিদ্ধান্তটা এমন যে বৃদ্ধ বাবা-মা সংসারে অচল হয়ে পড়েছেন, তাদের এখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই হয়।“
আনন্দবাজার লিখেছে, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন কলকাতার সড়ক থেকে ট্রাম তুলে দেওয়া হবে।
তবে ‘ঐতিহ্য’ হিসেবে পর্যটকদের জন্য মাত্র দুই কিলোমিটার পথে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো হবে।
কলকাতার সড়কে সর্বশেষ ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার লাইনে ট্রাম চলত। এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় সোশাল সরব হয়েছেন কলকাতার বহু মানুষ।
প্রথম ট্রামে চড়ার স্মৃতি হাতড়ে মীর বলেন, “বাবার সঙ্গে প্রথম চড়েছিলাম। বাবা- প্রথম শিখিয়ে দিয়েছিলেন ট্রাম থেকে কীভাবে নামতে হয়। আমি বাসে চড়ার আগে ট্রামে চড়েছিলাম। তাই ব্যক্তিগত ভাবে খারাপ লাগছে।”
কয়েক বছর আগে একটি বিজ্ঞাপনী চিত্রের প্রয়োজনে ট্রাম কন্ডাক্টর সেজেছিলেন মীর। সেই ছবি তিনি পোস্ট করেছেন ফেইসবুকে।
মীরের কথায়, “ট্রামের ধীর গতি। কিন্তু বিদ্যুতে চলে, পরিবেশবান্ধব। তাই আমি একটা জিনিস বুঝছি না, কেন সবাইকে একটা ইঁদুরদৌড়ে শামিল হতে হবে! সবাই তো ব্যস্ত নয়। কিছু মানুষ তো ট্রামে চড়ে স্মৃতিচারণ করতে পারেন। বিদেশে যেমন ইউরোপে, সানফ্রানসিসকোর রাস্তায় তো ট্রাম চলে। “
কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলেছিল।
পরে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। কলকাতার রাস্তায় বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত।
কলকাতায় ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি।
