২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের মৌসুমে মুজার ‘মাইয়া’, সঙ্গে সানজানা

গানটি শোনা যাচ্ছে মুজার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

উৎসবের মৌসুমে মুজার ‘মাইয়া’, সঙ্গে সানজানা
‘মাইয়া’ গানের পোস্টার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 11:17 AM

Updated : 10 Sep 2026, 12:46 PM

পপ ও কাওয়ালি ঘরানার মিশ্রণে তরুণ সংগীতশিল্পী মুজা নিয়ে এসেছেন বিয়ের গান ‘মাইয়া’। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী সানজানা।  

‘মাইয়ার কথা আমার এত ভালো লাগিল, পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’-এমন কথার গানটি লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা।  

গানটি শোনা যাচ্ছে মুজার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি তৈরির ভাবনা জানিয়ে বিজ্ঞপ্তিতে মুজা বলেন, "আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।"  

‘মাইয়া’ গানটি তৈরির পিছনের গল্প জানিয়ে মুজা বলেন, "উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনো প্রতিধ্বনি (রিভার্ব) ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানে পপ জনরার সঙ্গে কাওয়ালির ভাবটা আছে। সানজানার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে জন্যই তার সঙ্গে কাজ করা। তবে আমি জানতাম না যে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী!"  

গানটি নিয়ে সানজানা বলেন, “‘মাইয়া’ গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হল, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।”

গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন পার্থ শেখ। গানটির কোরিওগ্রাফি করেছেন তরুণ কোরিওগ্রাফার হৃদি শেখ।

সংগীতশিল্পী মুজা এর আগেও লোক ও আধুনিক গানের সংমিশ্রণে তৈরি করেছেন বেশ কিছু গান। তার মধ্যে ‘নয়া দামান’, ‘ঝুমকা’, ‘বেণি খুলে’র মত জনপ্রিয় গান রয়েছে।