ঈদে মিলা ফিরলেন আইটেম সং নিয়ে
মিলা বলেছেন, 'টোনা টুনি' তার দ্বিতীয় এবং শেষ আইটেম গান।
দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে আলোচিত শিল্পী মিলা ইসলাম ঈদে শ্রোতাদের জন্য এনেছেন একটি আইটেম সং।
গানটিকে শ্রোতাদের জন্য বিশেষ 'চমক’ হিসেবে বর্ণনা করেছেন মিলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জি-সিরিজ জানিয়েছে, 'টোনা টুনি' শিরোনামে গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ হয়েছে শনিবার রাতে।
জি-সিরিজের আয়োজনে গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন মিলা নিজেই। গানের ভিডিওতে মিলার সঙ্গে অভিনয় করেছেন মারুফ চৌধুরীসহ আরো অনেকে। আর ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম।
নতুন গান নিয়ে ‘আশাবাদী’ মিলা বলেন, " প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম ‘রূপবান’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমাকে। এরপর অনেকবার ভক্তরা আইটেম গানে আমাকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মত করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি, সুর করেছি।"
মিলাকে সর্বশেষ তিন বছর আগে জি-সিরিজের ‘আইসালা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে পাওয়া যায়। মিলা ফিউশন ও লোকধারার গানও গেয়ে থাকেন। একসময় নিয়মিত নতুন নতুন গান করলেও বেশ কিছুদিন ধরে গানে অনুপস্থিত এই শিল্পী।
মিলা বলেছেন, 'টোনা টুনি' তার দ্বিতীয় এবং শেষ আইটেম গান।
"দুবছর আগে গানটি তৈরি করেছি। বেশ সময় নিয়ে কাজটি করেছি যাতে দীর্ঘ সময় পর শ্রোতা-দর্শকরা নিরাশ না হন। এমন একটি চমক নিয়েই ফিরতে চেয়েছিলাম। অপেক্ষার অবসান। এখন সবার প্রতিক্রিয়া জানার অপেক্ষায়।"
মিলা বলেছেন, এর মধ্যে তিনি অন্য গানেরও প্রস্তাবও পেয়েছেন। তবে 'টোনা টুনি' নিয়ে কাজ করতে করতে গানটির প্রতি তার 'অন্যরকম মায়া' তৈরি হয়।
"গানের ভিডিও তৈরি হওয়ার পর প্রত্যাশা আরও বেড়ে যায়। টিজার প্রকাশের পর ভক্তরা লুফে নিয়েছেন। ‘টোনা টুনি’ গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ডান্সার না, তারপরও এই গানের জন্য নাচ করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এতটুকু বলতে পারি বিভিন্ন উৎসব মাতানোর মত একটি গান হয়েছে। গানটি দিয়ে মঞ্চ মাতানোর অপেক্ষায় আছি।"
টিকটক ব্যবহারকারীদের মধ্যে যাদের কাজ দর্শকরা বেশি পছন্দ করেন, এমন পারফরমারদের মধ্যে ১০ জনের সঙ্গে এই গানটি নিয়ে ফের পারফর্ম করবেন বলে মিলা জানান।
জি-সিরিজ থেকে গানটি প্রকাশ করার কারণ জানিয়ে মিলা বলেন, “প্রতিষ্ঠানটির মালিক আমাকে মেয়ের মত আদর করে। আমার সুখে ও খারাপ সময়ে সবসময় পাশে ছিলেন। আমিও শুরু থেকে এখন পর্যন্ত গানের কথা চিন্তা করলে জি সিরিজের কথা আগে মাথায় আসে। প্রতিষ্ঠানটির সঙ্গে দারুণ সম্পর্ক। বলা যায় নিজের ঘর। সে কারণে এখান থেকে গানটি প্রকাশ করছি।”
মিলা বলেছেন, আর বিরতি নয়, এখন থেকে তাকে নিয়মিত গানে পাওয়া যাবে। এছাড়া মঞ্চেও কনসার্ট করবেন তিনি।
"বিভিন্ন কারণে মাঝে কিছু সময় নষ্ট হয়েছে। আর সেটা হতে দিতে চাই না। কারণ আমি জানি আমার শ্রোতা-দর্শক আমাকে কতটুকু চায়। স্টেজ শোর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাছাড়া নতুন গানের কাজ এগিয়ে নেওয়া আছে। আগামীতে কয়েকটি গান নিজের মনের মত করে প্রকাশ করতে চাই।"
