২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের মত ‘খেলা হবে’ বললেন ব্যাঙ্গালুরুর প্রকাশ রাজ, কারণ কী

“ব্যাঙ্গালুরু কেন্দ্রের যে ৬৫ লাখ ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে আমিও একজন।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 10:02 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ‘খেলা হবে’ সংলাপ কলকাতা, বলিউডের সিনেমা ছাড়িয়ে এবার শোনা গেল ব্যাঙ্গালুরুর এক অভিনেতার মুখে।   

এই কথাটি বলে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপিকে সতর্ক করছে অভিনেতা প্রকাশ রাজ। কারণ, বিজেপির সমালোচক হিসাবে খ্যাত এই অভিনেতা দাবি করেছেন, কর্নাটকের ব্যাঙ্গালুরু কেন্দ্র থেকে ৬৫ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই বাদ পড়াদের মধ্যে তিনিও একজন বলে জানিয়েছে আনন্দবাজার। 

স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এসআইআর প্রক্রিয়ায় ব্যাঙ্গালুরু উদ্বেগের জায়গা হয়ে উঠেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যাচাইয়ের সময়ে দেখা যায়, শহরের প্রায় অর্ধেক ভোটারের মধ্যে কেউ অন্যত্র চলে গিয়েছে, অথবা একই ব্যক্তির নাম তালিকায় উঠেছে একাধিকবার। এভাবেই বেশ কয়েক জনের নাম নাকি বাদ পড়ছে।

প্রকাশ রাজ এ নিয়ে সমালোচনা করে সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছে।

তিনি বলেন, “প্রিয় বন্ধুরা, একটা মজার কথা আপনাদের জানাতে চাই। এসআইআর-এর পরে ব্যাঙ্গালুরু কেন্দ্রের যে ৬৫ লাখ ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে আমিও একজন। বেশ মজার ব্যাপার, তাই না? 

“আমি এই কেন্দ্রেই জন্মেছি। এখানেই থেকেছি। এখানেই স্কুল-কলেজের পড়েছি, থিয়েটার করেছি। আপনাদের জানিয়ে রাখি, এই কেন্দ্র থেকেই আমি সাংসদপদে প্রার্থীও হয়েছিলাম। বেশ মজার খেলা। খেলা হবে, খেলা শুরু হোক।”

৬১ বছর বয়সি অভিনেতা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ব্যাঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত মাসে একাধিক পরিচয়পত্র রাখার অভিযোগে প্রকাশ রাজের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর একটি আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে শর্তসাপেক্ষে জামিন পান অভিনেতা। 

অভিযোগকারীরা বলেছিলেন, প্রকাশ রাজের কাছে চারটি পরিচয়পত্র রয়েছে। কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু থেকে একটি করে ভোটার পরিচয়পত্র রয়েছে তার। ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি কেবল একটি ভোটার পরিচয়পত্র রাখতে পারেন।

প্রকাশ রাজ আরও বলেন, “আমাকে দেখতে হবে, নিজের ভোটার পরিচয়পত্র ফিরে পেতে কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়! কী কী কাগজপত্র দেখাতে হবে, সেটাও দেখতে হবে।”

এর পরেই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে প্রতিবাদের প্রসঙ্গ টেনে প্রকাশ বলেন, “খেলা শুরু হোক। তবে একটা কথা মনে রাখবেন। ক্ষমতা ব্যবহার করে এমন কিছু নাগরিককে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন, যারা হয়ত আপনাকে ভোট দেবে না। কিন্তু আমাদের থামাতে পারবেন কি? আমাদের ক্ষমতা দিয়েই আপনাকে সরিয়ে দেব।”

‘খেলা হবে’

এই বাংলা বাক্যের ব্যবহার শুরুটা বাংলাদেশে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাবেক এমপি এ কে এম শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ স্লোগানটি তুলেছিলেন।

সোশাল মিডিয়ার কল্যাণে তা দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গেও বিপুল জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ অনানুষ্ঠানিক নির্বাচনি স্লোগান হিসেবে ব্যবহার করে। এ নিয়ে গানও তৈরি হয় সেখানে।

সেই ‘খেলা হবে’ সংলাপটি বলিউডি সিনেমায় এবার ঢুকিয়ে দিয়েছিলেন বলিউডি নির্মাতা প্রযোজন করণ জোহরও।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটকে বলতে শোনা গিয়েছিল- ‘খেলা হবে’। আলিয়া ভাটের মুখে এই বাক্য শুনে অনেক বাঙালিই চমকে ওঠেন। পরে অবশ্য সেন্সর বোর্ডের আপত্তিতে ওই বাক্যটি বাদ দেওয়া হয় সিনেমা থেকে।