২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সালমানের সংসার কি হবে? যা বললেন বাবা সেলিম

সালমানের বাবার ভাষ্য, “আমার ছেলেটা খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 09:13 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

একের পর এক প্রেম এবং ৫৯ বছর বয়স পর্যন্তও বলিউড অভিনেতা সালমান খান কেন ব্যাচেলর, সেই গুমোর ফাঁস করেছেন তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান। 

বর্ষীয়ান সেলিম খান বলেছেন তার ছেলে খুবই সহজ সরল মানুষ। ছেলের প্রেম কেন বিয়ে পর্যন্ত গড়ায় না তা নিয়ে বাবার ভাষ্য, “আমার ছেলেটা খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়।”

বলিউডশাদিস ডটকম লিখেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে সেলিম খানের একটি ভিডিও থেকে এই তথ্য জানা গেছে।

সালমানের সমসাময়িক নায়ক-নায়িকাদের কেউই প্রায় অবিবাহিত নয়। বরং শাহরুখ খান, আমির খানসহ সালমানের আরো অনেক সহশিল্পীর ছেলেমেয়েরা সিনেমা ইন্ডাস্ট্রিতে চলে এসেছেন। সেইসব ছেলেমেয়েদের প্রেমের খবরও শোনা যাচ্ছে, কিন্তু সালমানের বিয়ের কোনো পাত্তা নেই। 

সেলিম খান বলেছেন, সালমান মনে করেন কোনো মেয়েই তার মায়ের মত করে সংসার ধরে রাখতে পারবে না।

“সালমান যেটা করে, সেটা হল কাউকে তার পছন্দ হলেই তার মধ্যে মায়ের গুণগুলো খুঁজতে শুরু করে। সালমান চায় সে যে মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী-সন্তানদের প্রতি গভীর অনুরাগী হবে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছে না।”

অভিনেত্রী সংগীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মত একাধিক অভিনেত্রীর সঙ্গে সালমানের প্রেমের খবর এসেছে গত কয়েক দশক ধরে। 

গত বছর ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাওয়া সিনেমায় দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে সালমানের প্রেম চলছে বলে সংবাদমাধ্যমে ফলাও করে খবর প্রকাশ হয়েছিল। 

শোনা যায়, বাচ্চাদের খুব পছন্দ করেন ‘ভাইজান’। ভাগনে-ভাগনিদের সঙ্গেও খুব ভাব এই অভিনেতার।

এর আগে নির্মাতা প্রযোজক করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে গিয়ে সালমান বলেছিলেন, জীবনের নানা পর্যায়কে উপভোগ করছেন তিনি। বিয়ে নিয়ে ভাবার কিছু আছে বলে মনে করেন না।