‘শেষ দেখাটাও হল না’, শাহ নেওয়াজের প্রয়াণে আক্ষেপ দিলরুবা খানের
দিলরুবা খান বলেন, “শনিবার দুপুরে আমি ভাত খেতে বসেছি, শাহ নেওয়াজ ভাইয়ের ছেলে কল করে বলল, ফুফু আব্বা আর নেই। শুনেই কান্না চলে আসে।”
কালজয়ী বাংলা গান ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’ গানের সুরকার মো. শাহ নেওয়াজের মৃত্যু ‘হৃদয়ে শূন্যতার ছাপ ফেলেছে’ বলে অনুভূতি ব্যক্ত করেছেন গানটির শিল্পী দিলরুবা খান।
আবেগঘন স্মৃতিচারণে তিনি বলেছেন, এই গান দিয়েই তার সংগীতজীবনের উত্থান হয়েছিল, শাহ নেওয়াজের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই।
মো. শাহ নেওয়াজ ও তার স্ত্রী অনামিকা নেওয়াজ স্থায়ীভাবে কানাডায় থাকতেন তার মেয়ের সঙ্গে। বার্ধক্যজনিত রোগে লম্বা সময় ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার কানাডার মন্ট্রিয়লে মারা গেছেন তিনি। সেখানেই দাফন সম্পন্ন হয়েছে।
শেষ দেখাটুকুও আর সম্ভব হল না, আক্ষেপ জানিয়ে দিলরুবা খান বলেন, “শনিবার দুপুরে ভাত খেতে বসেছি, শাহ নেওয়াজ ভাইয়ের ছেলে কল করে বলল, ফুফু আব্বা আর নেই। শুনেই কান্না চলে আসে। উনি এতটাই দূরে আছেন যে, আমরা একটু শেষ দেখা দেখব সেই সুযোগটাও নেই।”
শোক প্রকাশ করে দিলরুবা খান বলেন, “উনি আমার জীবনে কি ভূমিকা রেখেছে সেটা আমি বুঝিয়ে বলতে পারব না। আমি খুব আবেগতাড়িত হয়ে যাচ্ছি। স্মৃতিচারণ কী করব, আমার অন্তর জানে, আমি জানি, আমার সমস্ত অস্তিত্ব জানে, উনার চলে যাওয়ার ব্যাপারটা আমাকে কতটা ব্যথিত করেছে। আমি শুধু উনার জন্য দোয়া চাইব।”
‘রেললাইন বহে সমান্তরাল’ গানটি দিলরুবা খানের কণ্ঠে বিশেষ জনপ্রিয়তা পায়। ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়া ‘একদিন যখন’ নাটকে গানটি ব্যবহৃত হয়।
গানটির স্মৃতি আর সেই সময়ের কথা বলতে গিয়ে দিলরুবা খান বলেছেন, কীভাবে হঠাৎ করেই তার জীবনে আসে এই কালজয়ী গান।
“আমি হঠাৎ করে গানটা গেয়েছিলাম। তখন আমি খুব ছোট শিল্পী, কেবল অডিশন পাস করেছিলাম। ১৯৮৩ সালে গানটি করি। উনি আমার বাসায় গিয়েছিলেন। বললেন, ‘তোমার নাম কি দিলরুবা’? আমি বললাম, ‘জ্বি স্যার, আমার নাম দিলরুবা খান’। উনি বললেন, ‘ঠিক আছে তুমি কালকে টেলিভিশনে এসো, কালকে তোমাকে দিয়ে একটা নাটকের গান আমি করাতে চাই’।
“আমি তো ভয়ে অস্থির। আমি কেবল হাঁটি হাঁটি-পা পা করে বিটিভির দোরগোড়ায় গেলাম। আর আমাকে দিয়ে গান করানো হবে, আমি কী গান গাইব, চিন্তায় মরে যাওয়ার অবস্থা।”
সেসময় তিনজন মিলে গানটিতে কণ্ঠ দেওয়া হয়। তবে জনপ্রিয়তা পায় এই শিল্পীর কণ্ঠে।
“এই গানটি আমরা তিনজন গেয়েছিলাম। শামীমা ইয়াসমিন দিবা, মলয় কুমার গাঙ্গুলি এবং আমি। পরবর্তীতে এই গানটি আমার কণ্ঠে দর্শক পছন্দ করেন এবং এই গান দিয়েই আমার সঙ্গীত জীবনের উত্থান। আমি তখন এতো ছোট শিল্পী যে, উনার মত একজন মানুষের সামনে কথা বলার সাহস রাখতাম না। উনি অসাধারণ মানুষ ছিলেন। আমার শুধু উনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা, যার কোনো শেষ নেই।”
গানটির দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি।
“এই গানটা এখনো সবাই পছন্দ করেন, সেই তিরাশি সাল থেকে শুরু, এখনো আমার এই গানটি গাইতে হয়, সেই মানুষটির প্রতি শ্রদ্ধাবোধ মুখে বলে প্রকাশ করা যায় না।”
ভক্তদের কাছে চাওয়া কী, প্রশ্নে তিনি বলেন, “আপনারা দোয়া রাখবেন, আমার জন্য। আমি গান নিয়েই থাকতে চাই। যখন দেখবেন আমার কোনো গান নেই তখন ভাববেন আমি মারা গেছি।”
‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’ গান ছাড়াও শাহ নেওয়াজের সুরে ‘আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে’, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন, ‘এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে’ গানগুলো এখনো বেশ জনপ্রিয়।
শাহ নেওয়াজের সুরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন বেশ কয়েকটি উল্লেখযোগ্য গান। এর মধ্যে আছে ‘বন্ধু রে তোর মন পাইলাম না’ এবং ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ সামাল করে রেখো আমার মাটির জায়নামাজ’।
এছাড়া তার সুরে আরও জনপ্রিয় কিছু গান হলো ‘আমি আর কার চোখ দিয়ে দেখব’, ‘চাঁদের পালকি চড়ে’, ‘এক নয়নে হয় না কান্দন’।
মো. শাহ নেওয়াজের সুরে গেয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের প্রায় সব খ্যাতিমান সংগীতশিল্পী।
দেশের বাইরেও তার সুরে গান করেছেন ভূপেন হাজারিকা ও হৈমন্তী শুক্লা।
আরও পড়ুন:
